১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুগল সার্চ, নোটবুকএলএম ও ফটোজে আসছে ন্যানো বানানা

এই ইন্টিগ্রেশন গুগলের এআই ইকোসিস্টেমে বড় পরিবর্তন আনতে পারে। এখন ব্যবহারকারীরা সার্চের সময়ই চ্যাট প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি বা এডিট করতে পারবেন।

গুগল সার্চ, নোটবুকএলএম ও ফটোজে আসছে ন্যানো বানানা
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে নোটবুকএলএম-এ। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 11:38 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

গুগলের নতুন এআই ইমেজ এডিটর ‘ন্যানো বানানা’ গত মাসে চালু হওয়ার পর থেকেই আলোচনার তুঙ্গে রয়েছে। এবার এই জনপ্রিয় টুলটি যুক্ত হচ্ছে গুগলের আরও কয়েকটি সেবা যেমন সার্চ, নোটবুকএলএম এবং গুগল ফটোজে। 

এই ইন্টিগ্রেশন গুগলের এআই ইকোসিস্টেমে বড় পরিবর্তন আনতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। 

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে নোটবুকএলএম-এ। এতে ন্যানো বানানা ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে ভিডিও ওভারভিউস ফিচারটি। 

এখন থেকে ব্যবহারকারীরা ছয় ধরনের নতুন স্টাইল বেছে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে ওয়াটারকালার, এনিমে এবং আরও কয়েকটি ক্রিয়েটিভ ভিজুয়াল স্টাইল। এ ছাড়াও, এই আপডেটে যোগ হয়েছে ‘কনটেক্সচুয়াল ইলাস্ট্রেশনস’ ফিচার যা ব্যবহারকারীর ডকুমেন্ট বা সোর্সের ওপর ভিত্তি করে নিজে থেকেই প্রাসঙ্গিক ছবি তৈরি করতে পারে। নতুন যুক্ত হয়েছে ‘ব্রিফস’ নামে একটি মাইক্রো ভিডিও ফরম্যাট।

ভিডিও ওভারভিউস হলো নোটবুকএলএম ব্যবহারকারীদের জন্য এক আকর্ষণীয় টুল, এটি ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে এক্সপ্লেইনার ভিডিও তৈরি করতে পারে। টেক্সট, ভয়েস ও ভিজুয়ালের সমন্বয়ে ন্যারেটেড স্লাইডশোও বানাতে পারে টুলটি। 

গুগল বলছে, এই নতুন এআই আপডেটটি এই সপ্তাহেই প্রো ব্যবহারকারীদের জন্য আসতে যাচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর জন্য চলে আসবে।

এদিকে, গুগল সার্চেও ন্যানো বানানা ইন্টিগ্রেশন শুরু হয়েছে। এখন ব্যবহারকারীরা সার্চের সময়ই চ্যাট প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি বা এডিট করতে পারবেন। উদাহরণ হিসেবে, কেউ চাইলে কোনো বিদ্যমান ছবির স্টাইলাইজড ভার্সন তৈরি করতে পারে শুধু একটি নির্দেশনা দিয়েই। 

এ ছাড়া, গুগল লেন্স থেকে সরাসরি ছবি তোলা যাবে এবং সেই ছবিগুলো ন্যানো বানানা দিয়ে এডিটও করা যাবে। এই ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ইংরেজি ভাষায় চালু হয়েছে এবং শিগগিরই আরও দেশ ও ভাষায় উন্মুক্ত করা হবে।

তবে গুগল ফটোজে ন্যানো বানানা কীভাবে যুক্ত হবে সে বিষয়ে কোম্পানি এখনো বিস্তারিত জানায়নি। গুগল শুধু বলেছে, “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ন্যানো বানানা ফটোজ প্ল্যাটফর্মেও আসছে।” 

ধারণা করা হচ্ছে, ফটোজে ন্যানো বানানা যুক্ত হলে ব্যবহারকারীরা তাদের সংরক্ষিত ছবিগুলো সরাসরি এডিট করতে পারবেন যা সম্ভবত গুগলের ফটো ম্যানেজমেন্ট সেবায় এক নতুন মাত্রা যোগ করবে।