মার্কিন এআই টুল ‘ক্লড কোড’ নিয়ে চীনের সতর্কবাণী
এরইমধ্যে চীনা কোম্পানি আলিবাবা নিজেদের কর্মীদের আগামী ১০ জুলাই থেকে দাপ্তরিক কাজে অ্যানথ্রপিকের এসব টুলের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে।
মার্কিন কোম্পানি অ্যানথ্রপিকের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত কোডিং টুল ক্লড কোডে ব্যাকডোর বা গোপন নিরাপত্তা ঝুঁকির দাবি করেছে চীন।
দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, টুলটি ব্যবহারকারীর সম্মতি ছাড়াই অবস্থান ও পরিচয়ের মতো সংবেদনশীল তথ্য দূরবর্তী সার্ভারে পাঠিয়ে দিতে পারে।
এ ঝুঁকির কারণে আলিবাবাসহ বিভিন্ন চীনা কোম্পানিকে মার্কিন এ এআই টুলটি ব্যবহারে নিষেধাজ্ঞা এবং ব্যবহারকারীদের আক্রান্ত বিভিন্ন সংস্করণ আনইনস্টল বা আপডেটের পরামর্শ দিয়েছে চীন।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা তীব্র রূপ নিচ্ছে। আর ঠিক এ সময়ই এমন সতর্কবার্তা এল বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
গেল মাসেই অ্যানথ্রপিক অভিযোগ করেছিল, চীনা কোম্পানি আলিবাবা তাদের এআই প্রযুক্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে চীনে এই এআই সুবিধাটি পাওয়ার কথা নয়। ওই সময় এ অভিযোগের কোনো জবাব দেয়নি আলিবাবা।
চীনে এসব মার্কিন এআই টুলের আনুষ্ঠানিক প্রবেশাধিকার না থাকলেও সেখানকার স্থানীয় অনেকেই বিকল্প উপায়ে এগুলো ব্যবহার করছেন।
মার্চে রাষ্ট্রীয় উদ্যোগে আয়োজিত এক ফোরামে শাওমি’র এক এআই ডেভেলপার বলেছিলেন, অনেকেই ক্লড কোড ব্যবহার করছেন। তবে এরইমধ্যে আলিবাবা নিজেদের কর্মীদের আগামী ১০ জুলাই থেকে দাপ্তরিক কাজে অ্যানথ্রপিকের এসব টুলের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে।
বুধবার চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, তাদের সাইবার নিরাপত্তা হুমকি বিষয়ক প্ল্যাটফর্মটি ‘ক্লড কোড’ টুলের মধ্যে একটি নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে, যা ব্যবহারকারীদের জন্য মারাত্মক হুমকির।
চীনা ভাষায় দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, এ স্বয়ংক্রিয় কোডিং টুলটি ব্যবহারকারীর সম্মতি ছাড়াই দূরবর্তী কোনো সার্ভারে সংবেদনশীল তথ্য পাঠিয়ে দিতে পারে। এ তথ্যের মধ্যে ব্যবহারকারীর অবস্থান ও পরিচয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।
চীনের সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্মটি পরামর্শ দিয়েছে, এসব ত্রুটিওয়ালা ‘২.১.৯১’ থেকে ‘২.১.১৯৬’ সংস্করণের ‘ক্লড কোড’ থাকা অ্যাপটি ব্যবহারকারীদের আনইনস্টল করা বা নতুন সংস্করণে আপডেট করে নেওয়া উচিত।
অ্যানথ্রপিকের ওয়েবসাইট অনুসোরে, আক্রান্ত এসব সংস্করণ গত ২ এপ্রিল থেকে ২৯ জুনের মধ্যে বাজারে এসেছে। বর্তমান বুধবার নাগাদ ক্লড কোডের সর্বশেষ সংস্করণটি হল ‘২.১.২০৪’।
এ বিষয়ে সিএনবিসি’র মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যানথ্রপিক।
