২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্টানার অ্যান্ড্রয়েড সংস্করণ ফাঁস

আনুষ্ঠানিক উন্মোচনের আগেই অনলাইনে ছড়িয়ে পড়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ‘ভয়েস-ড্রিভেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ কর্টানার অ্যান্ড্রয়েড সংস্করণ। ২৯ জুলাই উইন্ডোজ ১০ উন্মোচনের পর অভিষেক হওয়ার কথা ছিল কর্টানার অ্যান্ড্রয়েড সংস্করণের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 01:57 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে অ্যান্ড্রয়েডের জন্য তৈরি কর্টানার একটি প্রাথমিক সংস্করণ অনলাইনে ছড়িয়ে পরে।

কর্টানা অ্যাপের ফাঁস হয়ে যাওয়া অ্যান্ড্রয়েড সংস্করণ ইনস্টল করে ব্যবহারকারীরা জানিয়েছেন, প্রাথমিক সংস্করণ হলেও এর সঙ্গে উইন্ডোজ হ্যান্ডসেটের কর্টানা অ্যাপের  মিল রয়েছে।

শুরুতে কেবল উইন্ডোজ ডিভাইসে ব্যবহারের জন্যই কর্টানা বানিয়েছিল মাইক্রোসফট। তবে চলতি বছরের শুরুতেই অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের জন্য কর্টানার দুটি নতুন সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

অন্যদিকে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকার পিটার ব্রাইট অনলাইনে ছড়িয়ে পড়া কর্টানা অ্যাপটি পরীক্ষা করে জানিয়েছেন, ফাঁস হওয়া সফটওয়্যারটি কোনো জটিলতা ছাড়াই অ্যান্ড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেমের নেক্সাস ৫ স্মার্টফোনে চলছে। তবে উইন্ডোজ সংস্করণের বেশ কিছু ফিচার এতে অনুপস্থিত।

ব্রাইটের দেওয়া তথ্য অনুযায়ী, আবহাওয়া, ট্রাফিক, রেস্টুরেন্ট ও আসন্ন অ্যাপয়নমেন্টসহ বিভিন্ন তথ্য দিতে পারে কর্টানার অ্যান্ড্রেয়েড সংস্করণ। তবে ফাঁস হওয়া অ্যাপটি পরীক্ষা করে এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছ থেকে কতটা সাড়া পাবে সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন ব্রাইট। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য গুগলের নিজস্ব ভয়েস-অ্যাসিস্ট্যান্ট ‘গুগল নাও’ বেশি কার্য্যকর বলে মন্তব্য করেছেন তিনি।