২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ১০-এ এক্সবক্স ওয়ান স্ট্রিমিং

এক্সবক্স ওয়ানের গেইমাররা তাদের পছন্দের গেইমগুলো স্ট্রিম করতে পারবেন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে। চলতি বছরের শুরুতেই এই ফিচারটির ব্যাপারে ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। জুন মাস থেকে ‘এক্সবক্স ওয়ান প্রিভিউ প্রোগ্রাম’-এর সদস্যদের জন্য ফিচারটি উন্মুক্ত ছিল। এবার অন্যান্য ব্যবহারকারী আর গেইমারের জন্য ফিচারটি উন্মুক্ত করে দিচ্ছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

এক প্রতিবেদনে গেইমস্পট ডটকম জানিয়েছে, এই ফিচারটি ব্যবহারের জন্য গেইমারদের প্রথমে এক্সবক্স ওয়ানের সেটিং মেনুর প্রেফারেন্স অংশে গিয়ে ‘অ্যালাও গেইম স্ট্রিমিং টু আদার ডিভাইস’ অপশনটি চালু করতে হবে।

আর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত যে ডিভাইসে গেইম স্ট্রিম করা হবে ওই ডিভাইসেও থাকতে হবে এক্সবক্স অ্যাপের সর্বশেষ সংস্করণ। অ্যাপটির কানেক্ট মেনুর ‘অ্যাড এ ডিভাইস’ অপশন থেকে কনসোলেল সঙ্গে সংযোগ চালু করে নিতে হবে।

উইন্ডোজ ১০ ডিভাইসে গেইম স্ট্রিমিং ফিচার চালু হওয়ায় সরাসরি পিসি বা ট্যাবলেট থেকে এক্সবক্স ওয়ান কনসোলের গেইম খেলার সুযোগ পাবেন গেইমাররা।

গেইম স্ট্রিমিং ছাড়াও চলতি মাসে এক্সবক্স অ্যাপে আরও কয়েকটি নতুন ফিচার যোগ হবে বলে জানিয়েছে গেইমস্পট ডটকম। এর মধ্যে দল গঠনের নতুন প্রক্রিয়া থেকে শুরু করে গেইমের ভিডিও ও স্ক্রিনশট আপলোড এবং এক্সবক্স লাইভ প্রোফাইল তৈরির ফিচারও থাকবে।

২৯ জুলাই আন্তর্জাতিক বাজারে অভিষেক হওয়ার কথা রয়েছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের। অভিষেকের পর থেকে ১ বছরের মধ্যে বিনা খরচে উইন্ডোজ ১০-এ আপগ্রেডের সুযোগ পাবেন উইন্ডোজ ৭ এবং ৮ ব্যবহারকারীরা।