২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হল রোবট হোটেল

জাপানের ‘হুইস টেন বশ’ থিম পার্কে চালু হয়েছে অভিনব রোবট হোটেল। পাঁচ তারা হোটেলটিতে জাপানিজ অতিথিদের অভ্যর্থনা জানায় মানুষের মতোই দেখতে রোবট। আর অতিথি ইংরেজিতে কথা বললে তাকে অভ্যর্থনা জানাবে রোবট ডাইনোসর!

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 04:11 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, হোটেলটির নাম রাখা হয়েছে ‘হেন-না হোটেল’। যার আক্ষরিক মানে হল অদ্ভুত হোটেল। হোটেলটির সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, অতিথিদের সঙ্গে ‘বুদ্ধিমান আলোচনাও’ শুরু করে দিতে পারবে হোটেলের রোবট কর্মীরা।

অতিথিদেন লাগেজ বহন করা থেকে শুরু করে ৭২ রুমের হোটেলটির পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বেও আছে একাধিক রোবট। আংশিক নির্মাণ কাজ শেষ হয়েছে হোটেলটির। ২০১৬ নাগাদ নির্মাণ কাজ শেষ হলে আরও ৭২টি রুম যোগ হবে এতে।

হোটেলটি নির্মাণের ঘোষণা দেওয়ার সময়ই হুইশ টেন বশ প্রেসিডেন্ট হিদেও সাওয়াদা জানিয়েছিলেন, একসময় হোটেলের ৯০ শতাংশই থাকবে রোবটগুলোর নিয়ন্ত্রণে। আর রোবটনির্ভর হওয়ায় খরচও কমবে অনেকখানি।

শুধু রোবট কর্মীরাই ‘হেন-না হোটেল’-এর একমাত্র প্রযুক্তিগত আকর্ষণ নয়। হোটেলটিতে দরজা খুলতে অতিথিরা নির্ভর করবেন ফেসিয়াল রিকগরিশন প্রযুক্তির উপর। যে কোনো প্রয়োজনে বিশেষ ট্যাবলেট থেকে কমান্ড করেই হোটেলের রোবট কর্মীদের সাহায্য পাওয়া যাবে।

আর এয়ার-কন্ডিশনারের বদলে আছে রেডিয়েশন প্যানেল যা ঘরের মধ্যে অতিথিদের শরীরের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে পরিমাপ করে তাপমাত্রা কমাবে বা বাড়াবে। খরচ কমাতে হোটেলটিতে বিদ্যুৎ শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হবে সোলার প্যানেল।