২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভার্চুয়াল শপিং মল’ হতে চায় ফেইসবুক!

ভার্চুয়াল শপিং মল হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। আর এই লক্ষ্যে মার্কিন সোশাল মিডিয়া জায়ান্ট বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে তাদের ফেইসবুক পেইজ ই-কমার্স সাটে পরিণত করতে সাহায্য করবে বলে জানিয়েছে সিএনএন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সিএনএন জানিয়েছে, খুচরা বিক্রেতারা তাদের পণ্য তালিকাভুক্ত করে সরাসরি ফেইসবুকের মাধ্যমে বিক্রি করতে পারবেন। ক্রেতারা বিক্রেতাদের পেইজ ব্রাউজ করে পছন্দের পণ্য কিনে ফেইসবুকের মোবাইল অ্যাপের মাধ্যমেই মূল পরিশোধ করতে পারবেন।

তবে ফেইসবুকের এই সেবায় যোগ দিলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিপাকে পরতে পারে বলে জানিয়েছে সিএনএন। পণ্যের বাজারজাতকরণ নিশ্চিত করতে ফেইসবুকের প্লাটফর্ম থেকে তারা বিজ্ঞাপন কিনতে বাধ্য হবেন বলে আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।

চলতি বছরের শুরুতেই এফ৮ সম্মেলনে ব্যবহারকারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে মেসেঞ্জার অ্যাপ থেকেই চ্যাট করতে পারবেন এবং প্যাকেজ ট্র্যাক করতে পারবেন বলে ঘোষণা দিয়েছিলেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। পাশাপাশি মেসেঞ্জার অ্যাপ থেকেই বন্ধুদের সঙ্গে লেনদেনের ফিচারের ব্যাপারেও বলেন তিনি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ভার্চুয়াল শপিং মল হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্য অর্জনে ফেইসবুককে সাহায্য করবে জাকারবার্গের ঘোষণা করা সেবাগুলো। আর বিজ্ঞাপন খাতেও ফেইসবুকের অবস্থান আরও শক্ত হবে।