প্রত্যাশার চেয়ে বেশি আয় ইনটেলের
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার থেকেও বেশি আয় করেছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল। ১ হাজার ৩২০ কোটি ডলার আয় করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইনটেলের আয় প্রত্যাশার চেয়ে বেশি হলেও আগের বছর একই সময়ের তুলনায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
শেয়ার বাজারের পূর্বাভাষও ইনটেলের আয়ের সমর্থন করে। শেয়ার বাজারের হিসেব ছিল ইনটেলের শেয়ার মূল্য আধা ডলার করে বাড়বে যা প্রতিষ্ঠানটির ১৩০৪ কোটি ডলার আয়ে ভূমিকা রাখবে।
এর মধ্যে ৩৯০ কোটি ডলারের আয় এসেছে ইনটেলের ডেটা সেন্টার থেকে। যা আগের প্রান্তিকের তুলনায় ৫ শতাংশ এবং আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ‘ইন্টারনেট অফ থিংস’ বিভাগ থেকে প্রতিষ্ঠানটি আয় করেছে প্রায় ৫৬ কোটি মার্কিন ডলার। এই বিভাগেরও আয়ও আগের প্রান্তিকের তুলনায় ৫ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ষষ্ঠ প্রজন্মের ‘স্কাইলেক’ প্রসেসরের ঘোষণা দিয়েছে ইনটেল। ২০১৫ সালের দ্বিতীয় ভাগেই বাজারজাতকরণ শুরু হবে প্রসেসরটির।
