বন্ধ ডার্কোড
পশ্চিমা শক্তির চক্ষুশূল হ্যাকারদের দল লিজার্ড স্কোয়াডসহ বিভিন্ন সাইবার অপরাধীর ব্যবহৃত হ্যাকিং ফোরাম ‘ডার্কোড’ বন্ধ করে দেওয়া হয়েছে ২০টি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায়। গ্রেপ্তার করা হয়েছে ‘ডার্কোড’-এর সঙ্গে সংশ্লিষ্ট ২৮ জনকে।
বিবিসি জানিয়েছে, ডার্কোডের সদস্যদের বিরুদ্ধে হ্যাকিংয়ের জন্য প্রয়োজনীয় টুল এবং গোপন ও স্পর্শকাতর ডেটার অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে অনুযায়ী, ডার্কোডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৬ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে। আরও ৫ সন্দেহভাজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)’।
সাইটটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় এক ডজনেরও বেশি মার্কিন নাগরিকের বাসস্থানে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে এফবিআই।
এনসিএর প্রতিবেদন অনুযায়ী, ডার্কোডের সদস্য হতে চাইলে আগের কোনো সদস্যর কাছ থেকে প্রস্তাব পেতে হত ইচ্ছুক ব্যক্তিকে। তবে তার আগে ফোরামে নিজের কাজ ও দক্ষতার বিবরণ দিয়ে অপরাধীদের ওই কমিউনিটিতে কীভাবে অবদান রাখতে পারবেন তার প্রমাণ দিতে হত ওই ব্যক্তিকে।
অনলাইনের বেশিরভাগ সাইবার ক্রাইম ব্লগে রাশিয়ান বা অন্যান্য ভাষা ব্যবহার করা হয়। কিন্তু ডার্কোড ছিল ইংরেজি ভাষায়। ফোরামটির সদস্যদের মধ্যে লিজার্ড স্কোয়াডের সদস্যরাও ছিল বলে জানিয়েছে সাইবার সিকিউরিটি ব্লগার ব্রায়ান ক্রেবস।
ডার্কোডের সর্বশেষ অ্যাডমিন লিজার্ড স্কোয়াডের শীর্ষস্থানীয় এক হ্যাকার ছিল বলেও জানিয়েছেন তিনি। ফোরামটিতে ওই হ্যাকারের আইডি ছিল ‘Sp3c’। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে ওই ব্যক্তির নাম নেই বলে জানিয়েছেন ক্রেবস।
