প্রয়াণে নিনটেনডো প্রধান
ক্যান্সারের কাছে হার মানলেন প্রযুক্তিপণ্যের বাজারের আরেক শীর্ষ ব্যক্তিত্ত্ব। পিত্তথলি ক্যান্সারের শিকার হয়ে মারা গেছেন জাপানিজ কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা নিনটেনডোর প্রেসিডেন্ট ও সিইও সাতোরু ইওয়াতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৫ বছর।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালেই চিকিৎসার জন্য নিনটেনডো থেকে বেশ কিছু সময় দূরে ছিলেন ইওয়াতা। ওই সময়ের মধ্যে অপারেশন করে টিউমার অপসারণ করা হয়েছিল তার পিত্তথলি থেকে। কিন্তু বছর শেষ হওয়ার আগেই ফিরে আসে ওই টিউমার।
ইওয়াতা নিনটেনডোর সাবেক প্রেসিডেন্ট হিরোশি ইয়ামাউচির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ২০০২ সালে। ‘নিনটেনডো ডিএস’ এবং ‘উয়ি কনসোলের’ মতো ডিভাইস দিয়ে নিনটেনডোর সাফল্যের জন্য মূল কৃতিত্ব দেওয়া হয় ইওয়াতাকেই।
নেতৃস্থানীয় পদের গুরুদায়িত্ব নেওয়ার আগে নিনটেনডোর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘হাল(HAL)’-এর প্রোগ্রোমার হিসেবে কাজ করেছেন ইওয়াতা। কাজ করেছেন আর্থবাউন্ড, ব্যালুন ফাইট এবং কিরবি সিরিজের গেইমগুলোতে। নিনটেনডো ভক্তদের মধ্যে আলাদা জনপ্রিয়তা ছিল ইওয়াতার।
উয়ি ইউ কনসোল বাজারে আশানরূপ সাড়া না পাওয়ার পর মোবাইল গেইমিং বাজারে প্রবেশের সিদ্ধান্ত ছিল ইওয়াতা। রহস্যময় ‘কোয়ালিটি অফ লাইফ’ প্রকল্প নিয়েও ব্যাপক সাড়া পেয়েছিলেন তিনি।
ইওয়াতার অনুপস্থিতিতে নিনটেনডোর প্রধানের দায়িত্ব কে নেবেন সে ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। তবে গেনইয়ো তাকেদা এবং শিগেরু মিয়ামোতো পরিচালক হিসেবে থাকবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন বলে নিশ্চিত করেছে জাপানিজ প্রতিষ্ঠানটি।
