আগেই বাজারে আসবে নতুন গ্যালাক্সি ফোন
স্মার্টফোন বাজারের ক্রমহ্রাসমান চাহিদা পুনরুজ্জীবিত করতে সময়ের আগেই নাকি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচনের করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। গত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচনের প্রথা অনুসরণ করেছে প্রতিষ্ঠানটি।
সেপ্টেম্বর মাসের আগেই স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচনের খবর গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সাইটটির প্রতিবেদন অনুযায়ী, অগাস্ট মাসের মাঝখানেই অভিষেক হতে পারে গ্যালাক্সি নোট ফ্যাবলেটের নতুন মডেল।
এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেন স্যামসাংয়ের এক মুখপাত্র। আগের দুই মডেল, গ্যালাক্সি নোট ৩ আর ৪ উভয় ফ্যাবলেট উন্মোচনের জন্য সেপ্টেম্বর মাসকেই বেছে নিয়েছিল প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানিয়েছে, টানা ৩ বছরের মধ্যে ২০১৪ সালে সবচেয়ে কম মুনাফা অর্জন করেছে স্যামসাং। গ্যালাক্সি এস৬ উন্মোচনের পরও আশানরূপ হারে বাড়েনি বিক্রির পরিমাণ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও ক্রমশ হ্রাস পেয়েছে স্যামসাংয়ের তৈরি স্মার্টফোনের বিক্রির পরিমাণ। এই অবস্থা মোকাবেলা করতে আগে ভাগেই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নতুন সংস্করণ বাজারজাত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
অগাস্ট মাসের মাঝখানে উন্মোচন করা হলে শীর্ষ প্রতিদ্বন্দ্বী অ্যাপলের নতুন আইফোনের আগেই বাজারে হাজির হবে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন। লক্ষ্যণীয় ব্যাপার হল, অ্যাপলও আগেই ভাগেই নতুন স্মার্টফোনের নির্মাণ কাজ শুরু করে দিয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে ব্যবসা বাণিজ্যভিত্তিক মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল।
