২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিংক আর ইমোজি মিলে ‘লিংকমোজি’

অভিনব ওয়েবসাইট ‘লিংকমোজি’ চালু করেছেন ফেইসবুকের পণ্য নকশাবিদ জর্জ কেডেনবার্গ এবং ‘আই ক্যান হ্যাজ চিজবার্গার’ সাইটের প্রতিষ্ঠাতা এরিক নাকাগাওয়া। যে কোনো ইউআরএলকে ইমোজিতে পরিণত করতে পারবে ওই সাইটটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 08:33 AM

Updated : 22 Aug 2022, 12:47 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, লিংক ছোটো করার জনপ্রিয় সাইট বিটলি ব্যবহারের অভিজ্ঞতা থাকলে লিংকমোজি ব্যবহারও একদমই সহজ হবে গ্রাহকদের জন্য। উভয় সাইট নির্মাণের মূল চিন্তাও একই রকম।

জুলাইয়ের দ্বিতীয় বুধবার যাত্রা শুরু করেছে লিংকমোজি। এর মধ্যেই সাইটটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।

সাইটটির প্রতিবেদন অনুযায়ী, নাকাগাওয়া লিংকমোজি তৈরি করেন মোটে এক ঘন্টায়। এ কাজে ব্যবহার করেছেন ফেইসবুকের অ্যাপ-ডেভেলপমেন্ট প্লাটফর্ম ‘পার্স’।

পছন্দের লিংক পোস্ট করলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায় ইমোজি ইউআরএল। তবে নাকাগাওয়া একই সেবা ব্যবহার করে কাস্টম লিংক তৈরির প্রক্রিয়া নিয়ে কাজ করছেন বলে জানিয়েছে ম্যাশএবল।

তবে সব সাইটেই যে ইমোজি ইউআরএলগুলো সঠিকভাবে কাজ করছে তা নয়। ফেইসবুক আর টুইটারে দিব্যি কাজ করছে ইমোজি লিংকগুলো। কিন্তু নিজস্ব সাইটের লিংক ইমোজিতে পরিবর্তন করতে গিয়ে ম্যাশএবল কর্মীদের বেশ বিপাকে পরতে হয়েছে বলে জানিয়েছে সাইটটি।