২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিট সিইওর পদত্যাগ

ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন সোশাল নিউজ শেয়ারিং সাইট রেডিটের প্রধান নির্বাহী এলেন পাও। ২০১৪ সালে রেডিটের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর থেকেই চাপের মুখে ছিলেন পাও। সর্বশেষ তার অপসারণের দাবিতে এক পিটিশনে স্বাক্ষর করেছিলেন দুই লাখ রেডিট ব্যবহারকারী। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

বিবিসি জানিয়েছে, এলেন পাওয়ের পদত্যাগ পরবর্তী এক বিবৃতিতে সাবেক সিইওর প্রতি কিছু সংখ্যক রেডিট ব্যবহারকারীর ‘অসুস্থ কমেন্টের’ ব্যাপক সমালোচনা করেছে সাইটটি কর্তৃপক্ষ।

পদত্যাগ করলেও ২০১৫ সালের পুরোটা জুড়ে পরিচালনা পর্ষদের পরামর্শক হিসেবে রেডিটের সঙ্গেই থাকবেন পাও। তার স্থালাভিষিক্ত হবেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী স্টিভ হফম্যান।

নিজের পদত্যাগ সম্পর্কে পাও বলেন, “এই বছরে রেডিটের সম্ভাবনা নিয়ে আমার আর পরিচালনা পর্ষদের মধ্যেকার দ্বিমতের ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এর ফলে একই চিন্তাধারায় রয়েছে এমন কাউকে নিয়ে আসাই শ্রেয় মনে হয়েছে আমার কাছে।”

রেডিটকে ‘ইন্টারনেটের প্রথম পাতা’ বলে আখ্যা দিয়ে থাকে সাইটটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে কোনো বিষয়ে রেডিটে লিংক শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। অন্যান্য ব্যবহারকারীরা ওই লিংকগুলো ‘আপ’ বা ‘ডাউনভোট’ করতে পারেন। রেডিটে শেয়ার করা লিংকগুলো সাধারণত খুব অল্প সময়ে কয়েক লাখ ‘ভিউ’ পায়।

সর্বশেষ চলতি মাসেই ‘আস্ক মি এনিথিং’ বিভাগের প্রধান ভিক্টোরিয়া টেইলরকে চাকরিচুত্য করে ব্যাপক সমালোচনার মুখে পরেছিল সাইটটির কর্তৃপক্ষ। প্রতিবাদ স্বরূপ সাব-রেডিট হিসেবে পরিচিত কয়েকশ’ জনপ্রিয় চ্যাট সেকশন বন্ধ করে দিয়েছিল ব্যবহারকারীরা।