এল আইওএস ৯ ও ওএসএক্স ‘পাবলিক বেটা’
জুন মাসে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)-তে দেওয়া প্রতিশ্রুতি রাখলো মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে আইওএস ৯ ও ওএস এক্স এল ক্যাপিটান অপারেটিং সিস্টেমের ‘পাবলিক বেটা’ সংস্করণ।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএস ৯ বেটার মাধ্যমে নানা নতুন ফিচার যাচাই করে দেখতে পারবেন ব্যবহারকারী। ‘নিউজ’, পুনঃনির্মিত ‘নোটস’, ‘অ্যাপল ম্যাপস’-এ দিক নির্দেশনা, আরও উন্নত সার্চ সেবাসহ নানা নতুন ফিচারের কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা পরখ করে দেখবেন তারা।
আর এল ক্যাপিটানে মিশন কন্ট্রোল, স্পটলাইট, সাফারি, মেইল, ম্যাপস, ফটোস ইত্যাদি অ্যাপস এবং ফিচার আরও উন্নত করা হয়েছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ।
ডব্লিউডব্লিউডিসির পরপরই উভয় অপারেটিং সিস্টেমের ‘ডেভেলপার বেটা’ সংস্করণ উন্মুক্ত করেছিল অ্যাপল। ওই সংস্করণটি ছিল শুধু সফটওয়্যার ও অ্যাপ ডেভেলপারদের জন্য। অ্যাপলের ‘ডেভেলপার বেটা’ সংস্করণ ব্যবহারের জন্য ডেভেলপারদের বাৎসরিক ৯৯ ডলার খরচ করতে হয়। এর বিপরীতে সাধারণ ব্যবহারকারীরা ‘পাবলিক বেটা’ সংস্করণটি পাচ্ছেন বিনা খরচে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলেও যেহেতু উভয় অপারেটিং সিস্টেমই ‘বেটা’ পর্যায়ে আছে, সেহেতু উভয় ওএসেই বিভিন্ন বাগের উপস্থিতি এবং বারবার ক্র্যাশ করার আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়েছে সিনেট।
