ম্যাকের জন্য এমএস অফিস ২০১৬
ম্যাক কম্পিউটারের জন্য নতুন ‘অফিস ২০১৬’ সফটওয়্যার উন্মুক্ত করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ম্যাক ব্যবহারকারীদের মধ্যে অফিস ৩৬৫-এর সাবস্ক্রাইবাররা ‘অফিস ২০১৬’ আপডেট পাবেন সবার আগে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অফিস ২০১৬’-এর স্ট্যান্ডঅ্যালোন সংস্করণের জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সফটওয়্যারটির মূল্য কত হবে সে ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট।
‘অফিস ৩৬৫ হোম’ সংস্করণের জন্য মাসিক ৯.৯৯ ডলার এবং ‘অফিস ৩৬৫ পার্সোনাল’-এর জন্য মাসিক ৬.৯৯ ডলার চার্জ করে মাইক্রোসফট। বিশেষ প্যাকেজ হিসেবে শিক্ষার্থীরা একেবারেই বিনামূল্যে অথবা বড় ডিসকাউন্টে ‘অফিস ২০১৬’ ব্যবহারের সুযোগ পেতে পারেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের মার্চ মাস থেকেই ‘প্রিভিউ টেস্টিং’ পর্যায়ে ছিল ‘অফিস ২০১৬’। প্রিভিউ সংস্করণের নানা খুটিনাটি বিষয় নিয়ে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি ফিডব্যাক পেয়েছে মাইক্রোসফট। ফিডব্যাকের ভিত্তিতে সফটওয়্যার স্যুটটি আপডেট করা হয়েছে ৭ বার।
‘অফিস ২০১৬’-তে আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক এবং ওয়াননোটের নতুন সংস্করণ। ১৩৯টি দেশে ১৬টি ভাষায় বাজারজাত করা হচ্ছে সফটওয়্যারটি। ম্যাক ব্যবহারকারীদের জন্য সফটওয়্যারটিতে আছে ‘ফুল স্ক্রিন ভিউ’, ‘মাল্টি টাচ-জেশ্চার’ এবং ‘রেটিনা সাপোর্ট’। ক্লাউড স্টোরেজের সঙ্গে সংযোগ রাখলে ভিন্ন ডিভাইস থেকে কনটেন্ট শেয়ার এবং এডিট করার সেবা পাবেন গ্রাহক।
