অ্যাডোবি ফ্ল্যাশে নতুন ত্রুটি
মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি নির্মিত ফ্ল্যাশ সফটওয়্যারে নতুন ত্রুটি ধরা পড়েছে। এর ফলে ব্যবহারকারী কোনো ‘ম্যালিশিয়াস’ ওয়েবসাইটে ঢুকলেই হ্যাকাররা ওই সফটওয়্যার ত্রুটির সুযোগ নিয়ে ব্যবহারকারীর কম্পিউটারের কোড পাল্টে দিতে পারতো ।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ‘হ্যাকিং টিম’ নামের একটি প্রতিষ্ঠান থেকে হ্যাক হওয়া ৪০০ জিবি ডেটা থেকে বেরিয়ে এসেছে অ্যাডোবি ফ্ল্যাশের ওই ত্রুটির খবর। বিভিন্ন দেশের সরকারের জন্য নজরদারি সফটওয়্যার তৈরি করে প্রতিষ্ঠানটি।
ধারণা করা হচ্ছে ফিনিয়াস ফিসার ছদ্মনামের এক রহস্যময় হ্যাকার ‘হ্যাকিং টিম’ হ্যাকিং ঘটনার মূল হোতা।
অ্যাডোবির পক্ষ থেকে ওই ত্রুটির ব্যাপারটি স্বীকার করা নেওয়া হয়েছে এবং বুধবারের মধ্যেই সফটওয়্যার প্যাচ ইসু করার আশ্বাস দেওয়া হয়েছে। সফটওয়্যার প্যাচ ইসু হওয়ার আগ পর্যন্ত ব্রাউজারে ফ্ল্যাশ ডিসএবল করে রাখার পরামর্শ দিয়েছে ম্যাশএবল।
অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের ১৮.০.০.১৯৪ সহ উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য নির্মিত আগের সংস্করণগুলোতে ওই সফটওয়্যার দুর্বলতা রয়েছে।
হ্যাকিং টিম থেকে ফাঁস হওয়া গোপন নথি অনুযায়ী মাধ্যমে জানা যায় প্রতিষ্ঠানটির আরসিএস সফটওয়্যার ব্যবহার করে স্কাইপ, ফেইসবুক, জিমেইল এবং আউটলুক ডটকমের উপর নজরদারি করা সম্ভব।
