নোকিয়া কেনা ‘ভুল’ ছিল মাইক্রোসফটের
আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী ৭ হাজার ৮শ’ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রযুক্তি পণ্যের বাজারে জোর আলোচনা, আদতে কর্মী ছাটাইয়ের ঘোষণা মাধ্যমে নোকিয়ার মোবাইল ডিভাইস নির্মাণ ও সেবা বিভাগ কিনে নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল সেটাই স্বীকার করে নিল মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বিবিসি জানিয়েছে, ২০১৪ সালে মাইক্রোসফট নোকিয়ার মোবাইল নির্মাণ ও সেবা বিভাগ কিনে নেওয়ার সময় অবাক হয়েছিলেন প্রযুক্তি বোদ্ধা ও বাজার বিশ্লেষকদের অনেকেই। চুক্তির পেছনের মূল ব্যক্তি ছিলেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমার। সমালোচকদের মতে, স্মার্টফোনের বাজারে নিজেদের শক্ত অবস্থান গড়তে নোকিয়ার মালিকানা কিনে নেওয়া ছিল বলমারের ‘শেষ মুহূর্তের চেষ্টা’।
অন্যদিকে ২০১৪ সালেই বিশ্বব্যাপী ১৮ হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। এর সঙ্গে এবার যোগ হল আরও ৭ হাজার ৮’শ কর্মী। এই বিশাল সংখ্যক কর্মী ছাটাই করে মাইক্রোসফট আদতে লোকসানের পরিমাণ কমাতে চাইছে-- বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
মাইক্রোসফট উইন্ডোজ ফোন তৈরি অব্যাহত রাখবে। তবে বাজারে অবস্থানের দিক থেকে তৃতীয় স্থানে থাকায় স্মার্টফোনগুলোর হার্ডওয়্যার তৈরির জন্য বিপুল সংখ্যক কর্মীর বেতন দিয়ে রাখা সম্ভব হচ্ছে না মাইক্রোসফটের জন্য--জানিয়েছে বিবিসি।
সত্য নাদেলা মাইক্রোসফটের প্রধান নির্বাহীর আসনে বসার পর থেকেই স্মার্টফোন বাজারে শক্ত অবস্থান গড়তে প্রতিষ্ঠানটির ‘বাড়তি মেদ’ ঝড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে বিবিসি।
