ভারত প্রযুক্তি সম্প্রসারণে মোদীর ঘোষণা
প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট ছড়িয়ে দেয়ার পাশাপাশি, ২০২০ সাল নাগাদ ভারত নিজস্ব ইলেক্ট্রনিক্স পণ্য রপ্তানি শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ‘ডিজিটাল ইন্ডিয়া উইক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন মোদী।
এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়নে মোদী সরকারকে সহায়তা করবে ভারতীয় শিল্প-কর্ণধাররা।
ঘোষণায় মোদী বলেন, “সময়ের সঙ্গে তাল মেলাতে আমাদেরকে এই পরিবর্তনটি বুঝতে হবে। যদি বুঝতে না পারি, তাহলে বিশ্ব অনেক দূর এগিয়ে যাবে, আর আমাদেরকে পেছনে পড়ে থাকতে হবে এবং অন্যদের এগিয়ে যাওয়া দেখতে হবে।”
ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইনের প্রতিশ্রুতি অনুসারে, বাড়তি সুবিধা হিসেবে ‘কমন সার্ভিস সেন্টার্স’-এর মাধ্যমে ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং, বীমা, পেনশন ও কৃষিখাতে প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সাল নাগাদ দেশটির মোট দুই লাখ ৫০ হাজার গ্রামে এ সেবা শুরু করার কথা রয়েছে বলেই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
সম্পূর্ণ বিষয়টি নিয়ে ভারতের ডিজিটাল অর্থনীতি বিশ্লেষণধর্মী মিডিয়ানামা ডটকমের প্রতিষ্ঠাতা ও সম্পাদক নিখিল পাহওয়া বলেছেন, “এক হিসেবে আমরা এ উদ্যোগের জন্যই এতোদিন অপেক্ষায় ছিলাম।” অন্যদিকে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানিসহ ভারতীয় বিভিন্ন বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানরা সরকারের এ লক্ষ্য পূরণে প্রায় ৭১ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
আকামাই টেকনলজিসের গবেষণার তথ্য অনুসারে, ২০১৫ সালের প্রথম প্রান্তিকে ইন্টারনেটের গড় গতির হিসেব অনুযায়ী বিশ্বে ভারতের বর্তমান অবস্থান ১১৫ তম।
