সরে দাঁড়াচ্ছেন ইনটেল প্রেসিডেন্ট
শীর্ষস্থানীয় মাইক্রোচিপ নির্মাতা ইনটেলের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রেনে জেমস। জানুয়ারি মাসে প্রেসিডেন্টের পদ ছাড়বেন তিনি। প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেও ‘এক্সটারনাল চিফ এক্সিকিউটিভ’ হিসেবে ইনটেলের সঙ্গেই থাকবেন জেমস।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট পদ ছাড়লেও জেমস যে ইনটেলের সঙ্গেই থাকছেন সে বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ইনটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ক্রাজানিচ।
ইনটেলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রেনে জেমস ইনটেলের সঙ্গে আছেন ২৮ বছর ধরে। ইনটেলের সঙ্গে প্রায় তিন দশকের ক্যারিয়ারে সফটওয়্যার এবং সেবা বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার, অনলাইন সেবা এবং ডেটা সেন্টারের চিফ অপারেটিং অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন জেমস।
অন্যদিকে জানুয়ারি মাসে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনটেলের ভেঞ্চার ক্যাপিটাল বিভাগের প্রেসিডেন্ট আরভিন্দ সোধানি। দীর্ঘ ৩৪ বছর ইনটেলের সঙ্গে ছিলেন তিনি। তার স্থলাভিষিক্ত হবেন ইনটেলের মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন বিভাগের প্রেসিডেন্ট ওয়েন্ডেল ব্রোকস।
