২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরী আপডেট অ্যাডোবির

ফ্ল্যাশ প্লাগ-ইনের বাগ সমস্যার সমাধান করতে জরুরী সফটওয়্যার প্যাচ ইসু করেছে অ্যাডোবি। প্লাগ-ইনটির ওই দুর্বলতার সুযোগ নিয়ে সাইবার আক্রমণ চালাচ্ছিল হ্যাকাররা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

ফ্ল্যাশ প্লাগ-ইনের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকারদের সাইবার আক্রমণের প্রমাণ হাতে আছে বলে জানিয়েছে অ্যাডোবি। ব্যবহারকারীদের যতো দ্রুত সম্ভব সফটওয়্যার আপডেট করে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিবিসি জানিয়েছে ফ্ল্যাশ প্লাগ-ইনটির দুর্বলতার সুযোগ নিয়ে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স কম্পিউটারের নিয়ন্ত্রণ বেদখল করে নিতে পারে হ্যাকাররা। অ্যাডোবির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফ্ল্যাশ প্লাগ-ইন আপডেটেড আছে কি না তা যাচাই করে নিতে পারবেন ব্যবহারকারী।

গুগলের ক্রোম এবং মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের ফ্ল্যাশ প্লাগ-ইন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে বলে জানিয়েছে বিবিসি।

অ্যাডোবি ফ্লাশ সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতার ইতিহাস বেশ পুরানো। সাইবার নিরাপত্তা গবেষকদের অনেকে ফ্ল্যাশ প্লাগ-ইনকে বিভিন্ন ওয়েবসাইটের ঝুঁকিপূর্ণ দুর্বলতাগুলোর একটি বলে করেন-- জানিয়েছে বিবিসি।

সাইবার আক্রমণের জন্য হ্যাকাররা সবচেয়ে বেশি ব্যবহার করে জাভা এবং ফ্ল্যাশ প্লাগ-ইনের দুর্বলতাকে।  

“বহুল ব্যবহৃত প্লাগ-ইন হওয়ার কারণেই হ্যাকারদের আক্রমণের শিকার হচ্ছে ফ্ল্যাশ।”-- মন্তব্য করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মার্ক জেমস।