‘ফ্রি’ মিউজিক স্ট্রিমিং আনছে গুগল
টেক জায়ান্ট অ্যাপলের মিউজিট স্ট্রিমিং সেবা ‘অ্যাপল মিউজিক’ নিয়ে আলোচনার মধ্যেই নিজস্ব ‘প্লে মিউজিক’ স্ট্রিমিং সেবার বিজ্ঞাপনভিত্তিক ফ্রি সংস্করণ চালু করার ঘোষণা দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল।
অ্যাপল মিউজিক ব্যবহারকারীদের প্রতিমাসে ১০ ডলার খরচ করতে হবে স্ট্রিমিং সার্ভিসটির পেছনে। গুগলের ‘প্লে মিউজিক’ সেবার মাসিক চার্জও ছিল ৯.৯৯ ডলার। তবে ওই বিজ্ঞাপনভিত্তিক ফ্রি সংস্করণ সংগীত শিল্পীদের আয়ের নতুন সূত্রের যোগান দেবে বলে দাবি করেছে গুগল।
এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্যান্ডোরা, স্পটিফাই এবং অ্যাপলের আইটিউনস রেডিওর বিপরীতে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করবে গুগলের ‘প্লে মিউজক’-এর ফ্রি সংস্করণ।
২০১৪ সালের প্লেলিস্ট স্টার্টআপ ‘সংজা’ কিনেছিল গুগল। প্লে মিউজিকের ফ্রি সংস্করণে সংজার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। মিউজিক স্ট্রিমিং এবং প্লেলিস্ট তৈরির জন্য কম্পিউটার অ্যালগরিদমের পাশাপাশি নিজস্ব কর্মীদের উপরও নির্ভর করতো সংজা।
ব্যবহারকারীদের জন্য সেবাটি ফ্রি হলেও শিল্পীরা এই সেবা থেকে ঠিকই তাদের পাওনা অংশ পাবেন বলে জানিয়েছে নিশ্চিত করেছে গুগল।
