২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনএএসএ নজরদারিতে ফরাসী রাষ্ট্রপতি

শুধু জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল নয়, ফ্রান্সের রাষ্ট্রপতিসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ফোনালাপ ও কর্মকাণ্ডের উপর সাইবার নজরদারি চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ। উইকিলিকসের সদ্য প্রকাশিত মার্কিন সরকারের সাইবার নজরদারির নথি থেকে বেড়িয়ে এসেছে এই তথ্য।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 03:45 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

উইকিলিকসে প্রকাশিত নথি অনুযায়ী, ফ্রান্সের সাবেক ও বর্তমান রাষ্ট্রপতিদের ফোনালাপে আড়ি পেতে গোপন তথ্য সংগ্রহ করেছে এনএসএ। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদসহ এনএসএর নজরদারির শিকার হয়েছে দেশটির সাবেক দুই রাষ্ট্রপতি জ্যাক শিরাক ও নিকোলা সারকোজিও।

উইকিলিকসে ফাঁস করা নথি অনুযায়ী, ফ্রান্সের বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার ফোন নম্বর সংগ্রহ, তাদের চিহ্নিত করার বিভিন্ন উপায় এবং তাদের ফোনালাপেও আড়ি পেতেছে এনএসএ। ফোনালাপে আড়ি পেতে সংগ্রহ করা তথ্যের সারমর্মও রয়েছে ওই গোপন নথিতে।

২০১৩ সালের অক্টোবরে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের উপর এনএসএর সাইবার নজরদারির নথি ফাঁস হওয়ার পর বিপাকে পরেছিল মার্কিন সরকার। দেশটির সঙ্গে গোপন তথ্য আদান-প্রদানের চুক্তি নতুন করে বিবেচনা করে দেখার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছিলেন ক্ষিপ্ত মের্কেল।

আঙ্গেলা মের্কেলের উপর এনএসএর সাইবার নজরদারির নথি ফাঁস করেছিলেন সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। তবে ফরাসী কর্মকর্তাদের উপর নজরদারি নথির সূত্র গোপন রেখেছে উইকিলিকস।

এ বিষয়ে এক বিবৃতিতে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেন, “ফরাসী নাগরিকদের এটা জানার অধিকার আছে যে, তাদের নির্বাচিত সরকার তথাকথিত মিত্র সরকারের শত্রুতাপূর্ণ নজরদারির শিকার হচ্ছে। ফ্রেঞ্চ পাবলিশার্স লিবারেশন এবং মিডিয়াপোর্টের সঙ্গে আমাদের কাজের মাধ্যমে এই তথ্যগুলো উন্মুক্ত করতে পেরে আমরা গর্বিত। যথা সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচনের আশা করতে পারেন ফরাসী পাঠকরা।”