‘প্রথম আইপ্যাড মিনি’ অধ্যায়ের অবসান
৭.৯ ইঞ্চি ডিসপ্লেযুক্ত প্রথম সংস্করণের আইপ্যাড মিনি বিক্রি বন্ধ করে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপলের নিজস্ব ওয়েবসাইট এবং স্টোরে আর কিনতে পাওয়া যাবে না ডিভাইসটি।
বিক্রি বন্ধ করার আগ পর্যন্ত অ্যাপলের সবচেয়ে ‘সস্তা’ ট্যাবলেট ছিল ‘অরিজিনাল’ আইপ্যাড মিনি। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালের অক্টোবরে আইপ্যাড মিনি ৩-এর অভিষেকের পর থেকে ২৪৯ ডলার দাম নিয়ে অ্যাপল স্টোরে সবচেয়ে কম দামের ট্যাবলেট ছিল আইপ্যাড মিনি।
আইপ্যাড মিনির বদলে অ্যাপল স্টোরে এখন পাওয়া যাবে আইপ্যাড মিনি ২ এবং আইপ্যাড মিনি ৩, উভয় ডিভাইসেই আছে রেটিনা ডিসপ্লে। এখন অ্যাপল স্টোরে মডেলভেদে আইপ্যাডের সর্বনিম্ন দাম হল ২৯৯ ডলার।
আইপ্যাড মিনির বিক্রি বন্ধ করার পর এখন অ্যাপলের নিজস্ব ডিজাইনের ৬৪বিট সিপিউ এবং রেটিনা ডিসপ্লে নেই এমন কোনো আইপ্যাড থাকলো না বাজারে।
২০১২ সালের অক্টোবরে হয় আইপ্যাড মিনির অভিষেক। ৭.৯ ইঞ্চির স্ক্রিনের কারণে সহজেই ৯.৭ ইঞ্চির স্ক্রিনের আইপ্যাডের আগের সংস্করণগুলো থেকে আলাদা করা যেত আইপ্যাড মিনিকে।
বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান আইএইচএস টেকনোলজির এক গবেষণা অনুযায়ী, প্রাথমিক অবস্থায় ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া পেয়েছিল আইপ্যাড মিনি। একটা সময় বিক্রি হওয়া আইপ্যাডের মধ্যে ৬০ শতাংশই ছিল আইপ্যাড মিনি। তবে বিশ্বব্যাপী ট্যাবলেট উন্মাদনায় ভাটা পরার সঙ্গে সঙ্গে চাহিদা কমেছে আইপ্যাড মিনিরও। চলতি বছরের ডিভাইসটির জনপ্রিয়তা হ্রাসের কারণে বাজারজাতের পরিমাণ ১৭ শতাংশতে নেমে এসেছে।
