পিএস৪-এ পিএস৩-এর গেইম নয়
এক্সবক্স ওয়ানে এক্সবক্স ৩৬০-এর গেইমগুলো খেলা যাবে- ই৩ সম্মেলনে মাইক্রোসফটের দেওয়া এই ঘোষণা চাঞ্চল্য সৃষ্টি করেছে গেইমারদের মধ্যে। তবে প্লেস্টেশন ৪-এর গেইমারদের জন্য দুঃসংবাদ হল, জনপ্রিয় গেইমিং কনসোলটির ক্ষেত্রে মাইক্রোসফটের পথ অনুসরণ করবে না সনি।
সম্প্রতি ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো (ই৩)-তে এক্সবক্স ৩৬০-এর গেইম এক্সবক্স ওয়ানে চলবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। গেইমিং কনসোলটির এই ‘ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি’ অর্জন করা মাইক্রোসফটের জন্য মোটেই সহজ কাজ ছিল না বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল। এক্ষেত্রে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি পুরোপুরি সফটওয়্যার ইমিউলেশনের উপর নির্ভর করছে বলে জানিয়েছে সাইটটি।
মাইক্রোসফটের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন সনি ওয়ার্ল্ডওয়াইড স্টুডিওসের প্রেসিডেন্ট সুহেই ইওশিদা-ও। নতুন গেইমিং কনসোলে পুরানো গেইম খেলার জন্য ‘ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি’ অর্জনের মতো কঠিন লক্ষ্য অর্জনের সাফল্যের জন্য মাইক্রোসফটের প্রশংসাও করেছেন তিনি। তবে প্লেস্টেশনের ক্ষেত্রে এমন কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ইওশিদা।
“পিএস৩ এর গেইম পিএস৪ চালানোর ব্যবস্থা করাটা বড় চ্যালেঞ্জ, তবে আমাদের এখনও এমন কোনো পরিকল্পনা নেই।”-- গেইমিং ওয়েবসাইট ইউরোগেইমারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ইওশিদা।
আগের সংস্করণগুলোর থেকে অনেকটাই আলাদা এক্সবক্স ওয়ান এবং প্লেস্টেশন ৪। উভয় কনসোল নির্মাণেই পিসির স্থাপত্য কৌশল অনুসরণ করা হয়েছে যেখানে পিএস৩ এবং এক্সবক্স ৩৬০-এর মতো আগের সংস্করণগুলোতে ব্যবহার করা হয়েছে কাস্টম সিপিইউ এবং জিপিইউ। পিসির স্থাপত্য কৌশল অবলম্বনের কারণেই এক্সবক্স ওয়ানে ‘ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি’ অর্জন করতে পেরেছে মাইক্রোসফট।
সরাসরি মাইক্রোসফটকে অনুসরণ না করলেও সীমিত পরিসরে হলেও নতুন প্লেস্টেশনে পুরানো গেইম খেলার সুযোগ রেখেছে সনি। প্লেস্টেশন নাও থেকে পিএস৩-এর স্ট্রিম করা যায়, তবে এতে প্রতিমাসে ২০ থেকে ৪৫ মার্কিন ডলার গুনতে হবে গেইমারকে।
