‘রিভেঞ্জ পর্ন’ ঠেকাতে গুগল
‘রিভেঞ্জ পর্ন’ বা প্রতিশোধমূলক পর্নোগ্রাফির ভুক্তভোগীদের রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভুক্তভোগীদের অনুরোধের ভিত্তিতে সার্চ রেজাল্ট থেকে ‘রিভেঞ্জ পর্ন’ সাইটগুলোর লিংক সরিয়ে ফেলবে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সরাসরি ওয়েবসাইট থেকে কনটেন্ট মুছে দেওয়ার এখতিয়ার না থাকায় সার্চ রেজাল্ট থেকে সাইটগুলোর লিংক বাদ দিয়ে ভুক্তভোগীদের রক্ষা করার চেষ্টা করছে গুগল। সার্চ রেজাল্ট থেকে বাদ দেওয়া হলে ওই কনটেন্ট খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়াবে অনুসন্ধানকারীদের জন্য।
এই বিষয়ে গুগল সার্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত সিংহাল বলেন, “সার্চ রেজাল্টে পুরো ওয়েবের প্রতিফলন হবে, এটাই ছিল আমাদের মূল ভাবনা। কিন্তু ‘রিভেঞ্জ পর্ন’ ছবিগুলো অনেক বেশি ব্যক্তিগত। ভুক্তভোগীদের মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং মানহানী ঘটায় যাদের সিংহভাগই নারী।”
গত কয়েক বছরে লক্ষণীয় হারে বেড়েছে প্রতিশোধমূলক পর্ন সাইটের সংখ্যা। ইন্টারনেট থেকে এধরনের কনটেন্ট মুছে ফেলতে বিভিন্ন দেশের সরকার আর প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর চাপ বাড়িয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
নিউ ইয়র্ক এবং ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে রিভেঞ্জ পর্ন বা প্রতিশোধমূলক পর্নোগ্রাফি কনটেন্ট। এই সংশ্লিষ্ট মামলায় সম্প্রতি এক মার্কিন নাগরিককে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
