২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইপারলুপে তৎপর স্পেসএক্স

‘হাইপারলুপ’ পরিবহন ব্যবস্থা সংশ্লিষ্ট প্রযুক্তি এখনও আটকে আছে কাগজ-কলমের গণ্ডিতে। তবে হাল ছাড়তে রাজি নয় ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান স্পেসএক্স। হাইপারলুপ প্রযুক্তি নিয়ে গবেষণার গতি বাড়াতে নতুন প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 03:46 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

প্রতিযোগিতার মাধ্যমে স্পেসএক্স মানব দেহ পরিবহনের উপযোগী হাইপারলুপ পডের নতুন ডিজাইন অনুসন্ধান করছে বলে জানিয়েছে এবিসি নিউজ। অংশগ্রহনকারীরা তাদের তৈরি হাইপারলুপ পডগুলোর কার্যক্ষমতা যাচাই করার সুযোগ পাবেন এক মাইল লম্বা ট্র্যাকে।

এখনও তাত্ত্বিক পর্যায়েই আছে হাইপারলুপ পরিবহণ প্রযুক্তি। এতে প্রেসার টিউবের মাধ্যমে অল্প সময়ে দ্রুত ভ্রমণ করা সম্ভব। হাইপারলুপকে নিউম্যাটিক টিউবের সঙ্গে তুলনা করা যায়, যা হাসপাতালের ওষুধপত্র সহ নানা গুরুত্বপূর্ণ জিনিস পরিবহণে ব্যবহার করা হয়।

“আমরা নিজেরা বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে হাইপারলুপ প্রযুক্তির কাজ করছি না। আমরা চাইছি হাইপারলুপ বাস্তবায়নের প্রক্রিয়াটি আরও সামনে এগিয়ে যাক। এই প্রতিযোগিতা সম্পূর্ণ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।”-- বলা হয়েছে স্পেসএক্সের ওয়েবসাইটে।

মূলত ‘হিউম্যান স্কেল পড’ নিয়ে অভিনব কিছু উদ্ভাবনের চিন্তা করছে স্পেসএক্স। মানুষের ভ্রমণের জন্য মাস্কের তত্ত্ব অনুযায়ী, পডের সামনে লাগাতে হবে একটি বড় ফ্যান, যা কিনা ক্যাপসুলের সামনের চাপ পেছনে স্থানান্তর করে বাড়তি গতির যোগান দেবে।

২০১৩ সালে প্রথম হাইপারলুপের ধারণা ব্যাখ্যা করেন মাস্ক। গাড়িতে যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলস যেতে সময় লাগে প্রায় ৭ ঘন্টা। দুই শহরের ৩৮২ মাইলের বিশাল দূরত্ব হাইপারলুপে অতিক্রম করা সম্ভব আধা ঘন্টায়।