২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিকসে আবারও সনির ফাইল

আবারও মিডিয়া জায়ান্ট সনির কম্পিউটার নেটওয়ার্ক থেকে বেহাত হওয়া গোপন ফাইল প্রকাশ করেছে উইকিলিকস। ওই ফাইলগুলোর মধ্যে আছে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মীদের ব্যক্তিগত তথ্য ও ইমেইল থেকে শুরু করে আর্থিক লেনদেন ও আদালতের দলিলও।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

২০১৪ সালের ডিসেম্বর মাসে সাইবার আক্রমণের শিকার হয় সনি এন্টারটেইনমেন্টের কম্পিউটার নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটির পুরো কম্পিউটার নেটওয়ার্ক বিকল করে দিয়ে বিপুল পরিমাণ গোপন ফাইল চুরি করে নিয়েছিল ‘গার্ডিয়ান অফ পিস’ নামে পরিচয় দেওয়া হ্যাকাররা।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো সনির ফাইল প্রকাশ করলা উইকিলিকস। ২ লাখ ৭৬ হাজার ৩৯৪টি ফাইল প্রকাশ করা হয়েছে এবার। এপ্রিল মাসে সনি থেকে চুরি হওয়া আরও বিপুল সংখ্যক ফাইল প্রকাশ করেছিল সাইটটি।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, উইকিলিকসে ফাইলগুলো পোস্ট করা হয়েছে ‘সনি ফাইলস পার্ট ২’ নামে। উইকিলিকস সাইটে সার্চ করে খুঁজে নেওয়া যাবে ফাইলগুলোর পুরো লাইব্রেরি।

পোস্ট করার পরপরই ফাইলগুলোর সম্পর্কে টুইট করেছে উইকিলিকস। ফাইলগুলোতে সনির আইনী জটিলতা এবং ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত থাকার তথ্য আছে, এমন ইঙ্গিত করা হয়েছে উইকিলিকসের ওই টুইটে।