গেইমারদের জন্য ‘এক্সবক্স ওয়ান এলিট’
পেশাদার গেইমারদের জন্য এবার মাইক্রোসফট নিয়ে এসেছে নতুন এক্সবক্স ওয়ান এলিট কন্ট্রোলার। অক্টোবর মাস থেকে প্রযুক্তিপণ্যের বাজারে পাওয়া যাবে এক্সবক্সের জন্য নতুন এই কন্ট্রোলারটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই কন্ট্রোলারটির বিভিন্ন অংশ প্রয়োজন মতো নিজেই খুলতে এবং লাগাতে পারবেন গেইমাররা। ছয়টি স্টেইনলেস স্টিল বাটন এবং দুটি ডি প্যাড থাকবে কন্ট্রোলারটির সঙ্গে। ফাইটিং গেইমগুলোর ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বাটন ও প্যাডগুলো।
কন্ট্রোলারটির পেছনেও রয়েছে প্রতিস্থাপনযোগ্য চারটি প্যাডল। মাইক্রোসফট জানিয়েছে, কন্ট্রোলারটির উপরে রয়েছে হেয়ার ট্রিগার লক, যা একবার গুলি করার পর পরের বার গুলি করার জন্য প্রস্তুত হওয়ার সময় দেবে গেইমারকে।
কন্ট্রোলারটির সঙ্গে থাকবে এর সকল মডিউলার অংশ, ইউএসবি কেবল, দুটি ডাবল এ ব্যাটারি এবং বহনকারী কেইস। উইন্ডোজ ১০ ওএস চালিত পিসিতেও কন্ট্রোলারটি কাজ করবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
এক্সবক্স ওয়ান এলিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ মার্কিন ডলার, যেখানে একটি সাধারণ এক্সবক্স কন্ট্রোলারের দাম প্রায় ৬০ মার্কিন ডলার।
