২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সময় বাড়াল আউটসোর্সিং অ্যাওয়ার্ড

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড’-এ আবেদনের সময় বাড়ানো হয়েছে। ১০ জুলাই পর্যন্ত আউটসোর্সিং পেশার সঙ্গে জড়িত আগ্রহী প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সাররা এই অ্যাওয়ার্ডে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 03:50 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

এবার পঞ্চমবারের মতো ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড’ আয়োজন করছে বেসিস। ২০১১ সাল থেকে বেসিস এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে।

২০১৪ সালের মতো এবারও মোট ১০০টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আউটসোর্সিংকে সারাদেশে ছড়িয়ে দেবার জন্য ৬৪টি জেলা থেকে সেরা ৬৪জন ফ্রিল্যান্সার তথা আইটি উদ্যোক্তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়াও ব্যক্তিগত ক্যাটেগরিতে ৮ জন এবং ৩ জনকে নারী ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পাশাপাশি প্রাতিষ্ঠানিক ক্যাটেগরিতে ১৫টি প্রতিষ্ঠান আউটসোর্সিং খাতে বিশেষ অবদানের জন্য বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পাবে। এবারই প্রথম স্টার্টআপ কোম্পানি ক্যাটেগরিতে ১০টি প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

কয়েকটি ধাপে নিবিড় পর্যালোচনা ও সাক্ষাৎকারের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে বলে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসিস। অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে রপ্তানীর পরিমাণ, কর্মসংস্থান ও তাদের সামাজিক ভূমিকাকে প্রাধান্য দেওয়া হবে।

আগ্রহী প্রতিযোগীদের সুবিধার্থে এবং আরও বেশি প্রতিযোগীর অংশগ্রহন নিশ্চিত করতে সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৫ এর আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ।

আগ্রহী যে কোন ফ্রিল্যান্সার ও প্রতিষ্ঠান বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.outsourcingaward.basis.org.bd) থেকে নিবন্ধন করার মাধ্যমে এই আয়োজনে অংশগ্রহন করতে পারবেন।