২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুভূতি বুঝতে পারে রোবটটি!

জাপানের বাজারে চলতি সপ্তাহেই বিক্রি শুরু হচ্ছে পেপার ( Pepper) রোবটের। নির্মাতাদের দাবি মানুষের অনুভূতি বুঝতে পারে রোবটটি। প্রতি মাসে ১ হাজার পেপার রোবট বাজারজাত করার পরিকল্পনা করেছে এর নির্মাতা সফটব্যাংক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 03:45 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

বিবিসি জানিয়েছে, ১ লাখ ৯৮ হাজার ইয়েন দামে বাজারে বিক্রি হবে রোবটগুলো। এখানেই শেষ নয়, প্রতি মাসে ২৪ ইয়েন সার্ভিস ফি গুনতে হবে ক্রেতাকে, রোবটটি কিনতে হবে তিন বছরের চুক্তিতে।

উৎপাদন খরচ থেকে কম দামে রোবটগুলো বিক্রি করলেও বিক্রয় পরবর্তী সার্ভিস চার্জ থেকে অনেক লাভ গুছিয়ে নেবে সফটব্যাংক। অভিষেকের সময় রোবটটির জন্য একশ’ অ্যাপও বাজারজাত করা হবে।

জাপানের বাইরে পেপার বিক্রি করা হবে কি না সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সফটব্যাংক। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাসাইয়োশি সুন জানিয়েছে আগামী বছরে রোবটটির বিশ্ববাজারে অভিষেকের সম্ভাবনা রয়েছে।

মানুষের চেহারা মনে রাখতে পারে পেপার। মানুষের অনুভূতি বোঝার জন্য বিশেষভাবে প্রোগ্রাম করা হয়েছে রোবটটি। তবে রোবটটি যতোখানি আলোড়ন সৃষ্টি হয়েছে তার তুলনায় এর কার্যক্ষমতা হতাশাজনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউনিভার্সিটি অফ শেফিল্ডের রোবটিক্স বিশেষজ্ঞ প্রফেসর নোয়েল শার্কি।