২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অকুলাস রিফট দেখালো ফেইসবুক

বৃহস্পতিবার প্রথমবারের মতো নিজেদের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট অকুলাস রিফটের বাণিজ্যিক সংস্করণ দেখিয়েছে ফেইসবুক। পাশাপাশি প্রতিষ্ঠানটি এটিও জানিয়েছে, তারা প্রত্যাশা করছে এই থ্রি ডাইমেনশনাল ডিভাইসটি একদিন নতুন ধরনের কম্পিউটিং ও কমিউনিকেশন ডিভাইসে পরিণত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 01:36 AM

Updated : 22 Aug 2022, 12:37 PM

এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ফেইসবুক নির্বাহীরা অকুলাস রিফট নিয়ে আলোচনা করেন।

অকুলাস রিফট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি হাইএন্ড গেইমিং কম্পিউটারের সঙ্গে কাজ করতে পারে। তবে ফেইসবুক জানিয়েছে, এর মাধ্যমে মাইক্রোফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব হবে, ভয়েস রিকগনিশন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটিং কমান্ড দেয়া ও লেজার-ভিত্তিক উচ্চ-গতিতে ওয়্যারলেস ডেটা ট্রান্সফার করা যাবে।

নিজেদের ভিআর ডিভাইস প্রসঙ্গে ফেইসবুকের মাইকেল শ্রফার বলেছেন, “এটি একটি টেলিপোর্টিশন ডিভাইস, মানুষ ঠিক যে বিষয়টি বুঝতে পারছে না, তা হল এর সাহায্যে গবেষণা ও উন্নতির নতুন এক দরজা উন্মোচিত হবে।”

অনুষ্ঠানে ফেইসবুক অকুলাস রিফটের ব্যাপারে বিশদ আলোচনার বদলে বিভিন্ন গেইম দেখিয়েছে যা অকুলাস রিফটে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফেইসবুক এখনও জানায়নি তাদের এই ডিভাইসটির দাম কত হতে পারে। তবে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুসারে, ডিভাইসটি চালাতে দামী কম্পিউটার ও প্রসেসরের প্রয়োজন পড়বে। 

এ ছাড়াও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের গেইম কনসোল এক্সবক্সের গেইমিং কন্ট্রোলারের সঙ্গেও অকুলাস রিফট কাজ করতে পারবে বলেই জানিয়েছে ফেইসবুক।

অন্যদিকে অকুলাস রিফট ছাড়াও ভিআর হেডসেটটির নিজস্ব কন্ট্রোলার দেখিয়েছে ফেইসবুক। অকুলাস টাচ নামের ওই কন্ট্রোলারটি ২০১৬ সালের প্রথমার্ধের মধ্যেই বাজারে আসবে বলে জানিয়েছেন অকুলাসের প্রতিষ্ঠাতা পামার লাকি। তবে ডিভাইসটির মতো কন্ট্রোলারের দামের ব্যাপারেও এখন কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।