আসছে বিশাল ট্যাবলেট সারফেইস হাব
চলতি বছর জুলাইয়েই আসছে প্রযুক্তিজায়ান্ট মাইক্রোসফটের বিশালাকৃতির টাচস্ক্রিন ট্যাবলেট। সারফেইস হাব নামের ওই ট্যাবলেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার মার্কিন ডলার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অনেক বড় আকৃতির একটি ট্যাবলেটের সঙ্গে একটি ‘হোয়াইটবোর্ড’-এর সমন্বয়ে সারফেইস হাব বানানো হয়েছে। ৮৪ ইঞ্চির ‘৪কে’ হাই-ডেফিনেশন ডিসপ্লেযুক্ত এই ট্যাবলেটের ছোট সংস্করণ ৫৫ ইঞ্চির ১০৮০ পিক্সেল ডিসপ্লের ট্যাবলেটের দাম শুরু হবে ৭ হাজার ডলার থেকে।
এই একটি ট্যাবলেট দিয়েই করা যাবে ভিডিও কল, প্রজেক্ট আর প্রেজেন্টেশনের মতো অফিসের যাবতীয় সব কাজ। একই সময়ে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন এটি, এমনকি দূর থেকেও ব্যবহার করা যাবে এটি।
উইন্ডোজ ১০ চালিত সারফেইস হাবে মাইক্রোসফট অফিসের প্রচলিত অ্যাপগুলো থাকবে। সেই সঙ্গে অন্যান্য অ্যাপও চলবে ডিভাইসটিতে। টাচ আর ভয়েস কমান্ড- দুই উপায়েই ব্যবহার করা যাবে এটি।
চলতি বছর জানুয়ারিতে এক ইভেন্টে প্রথম এই ট্যাবলেট উন্মোচন করা হয়।
