টুইটারে ফিরেছেন জ্যাক ডরসি
বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট টু্ইটারে ফিরেছেন সাইটটির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। টুইটার এক ঘোষণায় বৃহস্পতিবার জানিয়েছে, বর্তমান প্রধান নির্বাহী ডিক কস্টোলো জুলাইয়ের এক তারিখ পদত্যাগ করবেন এবং সে স্থানে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন ডরসি। আর এ সময়টিতে টু্ইটারের জন্য নতুন প্রধান নির্বাহী খোঁজা হবে।
এক প্রতিবেদনে মার্কিন দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, টুইটারের এ ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যে পরিবর্তন দেখা গেছে।
ডরসি ২০১১ সালে কস্টোলোকে টুইটারের প্রধান নির্বাহী নির্বাচিত করার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সাবেক উদ্যোক্তা ও কৌতুক-অভিনেতা কস্টোলো টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব বুঝে নেবার পর প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ব্যবসা গড়ে তুলতে সক্ষম হলেও পণ্য ও সেবা উন্নয়ন এবং সাইটটির দিকে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হন। এ ছাড়া অনেকক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত নিতে না পারায় সমালোচনার শিকারও হন তিনি।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এ সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি কস্টোলো ও টুইটার মুখপাত্র।
নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুসারে, অধিকাংশই ধারণা করছেন, আপাতত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করলেও ভবিষ্যতে পাকাপাকিভাবেই পদটিতে বসবেন ডরসি।
অন্যদিকে ডরসি এ প্রসঙ্গে জানিয়েছেন, তার লক্ষ্য এদিকে নয় এবং তিনি এ বিষয়টি নিয়ে ভাবছেনও না।। তার প্রধান লক্ষ্য হচ্ছে টুইটার যাতে চমৎকারভাবে সফল হতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা।
