অ্যাপলে কর্মী নয়, যেন অপরাধী!
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ইমেইলের মাধ্যমে এক অ্যাপল স্টোর কর্মী জানিয়েছিলেন, ‘অপরাধীর’ সঙ্গে যেমন ব্যবহার করা হয়, অ্যাপল স্টোরও তাদের কর্মীদের সঙ্গে একই রকম আচরণ করে থাকে। ২০১৩ সালে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি অ্যাপল স্টোর কর্মীর পাঠানো ওই মেইলটি প্রকাশ করেছে আদালত।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটির স্টোর ম্যানেজাররা অতিরিক্ত যে সময় নিয়ে কর্মীদের ব্যাগ পরীক্ষা করেন, সেটির জন্য কর্মীদেরকে পাওনা মজুরি দেওয়া হয় না।
নির্ধারিত কাজের সময় শেষে ব্যাগ পরীক্ষা করা হয় বলে প্রতিষ্ঠানটি শ্রম আইন অনুসারে ‘অতিরিক্ত সময়ের’ মজুরি দিতে বাধ্য বলেই জানিয়েছে সিএনএন।
অ্যাপলের প্রধান নির্বাহী কুক ২০১২ সালের ২ এপ্রিল অ্যাপল স্টোর কর্মীর ওই মেইলটি পেয়েছিলেন বলে জানিয়েছে আদালত। অজ্ঞাতনামা সে কর্মী মেইলে কুককে জানিয়েছিলেন, কর্মীদের ব্যক্তিগত অ্যাপল ডিভাইসের জন্য একটি সিরিয়াল নম্বরের কার্ড ইস্যু করা হয়। কর্মীরা কাজ শেষে বের হবার আগে অ্যাপল স্টোর ম্যানেজারকে তা দেখাতে হয় এবং তারপর তাদের ব্যাগ পরীক্ষা করে দেখা হয় তারা কোনো পণ্য নিয়েছেন কিনা। এ ব্যাপারটি প্রায়শই ক্রেতাদের সামনেই করা হয়। এ ছাড়াও মেইলটিতে লেখা ছিল, ব্যাগ পরীক্ষার এই নীতিটি অ্যাপল কর্মীদের জন্য অপমানজনক ও অবমাননাকর। মেইলে আরও লেখা ছিল, এ পদ্ধতি থেকেই বোঝা যায় যে অ্যাপল তাদের কর্মীদের বিশ্বাস ও সম্মান করে না।
২০১৩ সালের ২৮ জানুয়ারি ভিন্ন আরেকটি মেইল পান কুক। সেটিতে চীনের বেইজিংয়ের অ্যাপল স্টোরের এক কর্মী জানান, অ্যাপল তার কর্মীদের সঙ্গে পশুর মতো আচরণ করে। ব্যাগ পরীক্ষা নীতির পাশাপাশি তাদের স্টোরের জরুরি বহির্গমন দরজার সামনে অ্যাপল পণ্য রাখার কারণে সে রাস্তাটি বন্ধ হয়ে গেছে বলেও অভিযোগ করেন সে কর্মী।
কুক মেইল পাবার পর রিটেইল এবং এইচআর নির্বাহীদের তা ফরোয়ার্ড করে প্রশ্ন করেছিলেন বিষয়টি সত্য কিনা। তবে আদালত কুকের মেইল প্রকাশ না করায় নির্বাহীরা কী জবাব দিয়েছিলেন তা সেভাবে জানা যায়নি। কিন্তু কুকের মেইল পাবার পর এইচআর প্রধান ডেনিস ইয়ং স্মিথ অ্যাপলের কৌশল প্রধান ক্যারল মনোকোয়াস্কিকে লিখেছিলেন, তাদের নীতিমালা পরিবর্তনের বিষয়ে চিন্তা করা উচিত। প্রতিত্তুরে মনোকোয়াস্কি লিখেছিলেন, স্টোরের নীতি পর্যালোচনা করা দেখা গেছে বিষয়টি গ্রহণযোগ্য।
অ্যাপল এখনও তাদের স্টোর কর্মীদের ক্ষেত্রে আগের নীতিমালাই বহাল রেখেছে। ভবিষ্যতে এটি পরিবর্তন করা কিনা সে বিষয়টিও পরিষ্কার নয়। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রকে এ বিষয়ে মন্তব্য করতে অনুরোধ করা হলেও, তিনি কোনো মন্তব্য করেননি বলেই জানিয়েছে সিএনএন।
