স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ অ্যামাজনের
প্রথমবারের মতো স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে শীর্ষ ই-কমার্স সেবা প্রতিষ্ঠান অ্যামাজন কর্তৃপক্ষ। চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ব্যবহারকারীদের ডেটা হস্তান্তরের জন্য পাওয়া অনুরোধের সংখ্যা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ না করায় বিভিন্ন মাধ্যম থেকে সমালোচনার মুখে পরেছে অ্যামাজন। বিশ্বের বৃহত্তম পাবলিক ক্লাউড অবকাঠামো পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের গোপন তথ্য চেয়ে সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতবার অনুরোধ জানায়, বিভিন্ন বিষয়ের সঙ্গে সেই তথ্যও থাকে ট্রান্সপারেন্সি রিপোর্ট বা স্বচ্ছতা প্রতিবেদনে। পাশাপাশি একটি প্রতিষ্ঠান ওই অনুরোধ বা ‘আবদার’-এর পরিপ্রেক্ষিতে কী করে সেই বিষয়টিও উল্লেখ থাকে ওই প্রতিবেদনে।
সাম্প্রতিক সময়ে প্রযুক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো নিজেদের অবস্থান পরিষ্কার রাখতে নিয়মিত স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশের পন্থা বেছে নিয়েছে। সরকারের পক্ষ থেকে সাধারণ ব্যবহারকারীদের উপর কতোখানি নজরদারি করা হচ্ছে সে বিষয়ে ধারণা পেতে ব্যাপকহারে ব্যবহৃত হয়ে থাকে ওই স্বচ্ছতা প্রতিবেদনগুলো।
সম্প্রতি প্রকাশিত স্বচ্ছতা প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত আদালত থেকে ৮১৩টি নির্দেশ পেয়েছে অ্যামাজন। এর মধ্যে ৫৪২টির বিপরীতে সাড়া দিয়েছে প্রতিষ্ঠানটি। আর ২৫টি ওয়ারেন্টের মধ্যে ১৩টির সাড়া দিয়েছে প্রতিষ্ঠানটি।
