২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পরিবর্তন ফেইসবুক নিউজ ফিডে

নিউজ ফিডে আবারও পরিবর্তন এনেছে ফেইসবুক। একজন ব্যবহারকারী নির্দিষ্ট কোনো পোস্ট দেখতে বা পড়তে কত সময় খরচ করছেন, সেটি হিসেব করে নিউজ ফিডে পোস্ট দেখাবে এই শীর্ষ সোশাল মিডিয়া।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজ ফিডের এই পরিবর্তন সম্পর্কে ফেইসবুক ঘোষণা দিয়েছে শুক্রবার। এর আগে ফেইবুক বন্ধুদের পছন্দ, কমেন্ট আর শেয়ারের ভিত্তিতে বিভিন্ন পোস্ট স্থান পেত একজন ব্যবহারকারীর নিউজ ফিডে।

নিউজ ফিডের জন্য পোস্ট বাছাইয়ের নতুন প্রক্রিয়া সম্পর্কে এক ব্লগ পোস্টে জানিয়েছেন ফেইসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনশা ইয়ু। নিউজ ফিডের নির্দিষ্ট কোনো পোস্ট পড়তে বা দেখতে ব্যবহারকারীরা বেশি সময় নিলে সেটি চিহ্নিত করতে পারবে ফেইসবুক। এরপর ওই পোস্টের সঙ্গে মিল রয়েছে এমন পোস্টগুলোই প্রাধান্য পাবে ব্যবহারকারীর নিউজ ফিডে।

ম্যাশএবল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছে নিউজ ফিড ‘আরও আকর্ষণীয়’ করে তোলার চেষ্টার অংশ হিসেবেই এই পরিবর্তন এনেছে ফেইসবুক কর্তৃপক্ষ। এপ্রিল মাসেও নিউজ ফিডের অ্যালগোরিদমে পরিবর্তন এনেছিল ফেইসবুক। পেইজের পোস্টের তুলনায় নিউজ ফিডে বন্ধুদের পোস্টই যেন বেশি গুরুত্ব পায় সেটাই ছিল ওই পরিবর্তনের মূল উদ্দেশ্য।