২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মাইক্রোসফট-অকুলাসের জোট

বহুল আলোচিত ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট ‘রিফট’-এর বাণিজ্যিক সংস্করণ উন্মুক্ত করেছে অকুলাস ভিআর। ২০১৬ সালের প্রথম অংশেই বাজারে অভিষেক হবে হেডসেটটির, আনুষাঙ্গিক হিসেবে সঙ্গে থাকবে মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান গেইমিং কনসোল কন্ট্রোলার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 03:18 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বিবিসি জানিয়েছে, মাইক্রোসফটের সঙ্গে চুক্তির বদৌলতে গেইমাররা রিফট হেডসেটেই এক্সবক্স ওয়ানের গেইমগুলো স্ট্রিম করতে পারবেন। গেইম খেলার সময় ‘হোম সিনেমা’ স্ক্রিনে সিনেমা দেখার মতোই অভিজ্ঞতা হবে তাদের।

মাইক্রোসফটের সঙ্গে চুক্তির পাশাপাশি ভিআর হেডসেটটির জন্য নিজস্ব কন্ট্রোলারও তৈরি করছে অকুলাস। রিফটের বাণিজ্যিক সংস্করণের পাশাপাশি ‘অকুলাস টাচ’ কন্ট্রোলারের পরীক্ষামূলক সংস্করণও দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

বাজারে সরাসরি সনির মরফিয়াস এবং এইচটিসির ভাইভ হেডসেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে অকুলাস রিফট।

রিফটের বাণিজ্যিক সংস্করণের উন্মোচনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাইক্রোসফটের গেইমিং প্রধান ফিল স্পেনসার। ফেইসবুকের মালিকানাধীন অকুলাসের সঙ্গে মাইক্রোসফটের জোটের ঘোষণা দিতেই অনুষ্ঠঅনে উপস্থিতি ছিল তার।

ভিআর হেডসেট ব্যবহার করে খেলার জন্য আলাদা করে তৈরি এক্সবক্স ওয়ান কনসোলের গেইম তৈরি করা হবে কি না সে বিষয়ে আলোচনা করেননি স্পেন্সার।  তবে জুনের তৃতীয় সপ্তাহে লস অ্যাঞ্জেলসে আয়োজিত ইথ্রি সম্মেলনে এই সংশ্লিষ্ট আরও তথ্য পাওয়া যাবে বলে ইঙ্গিত করেন তিনি।

অন্যদিকে ‘অকুলাস টাচ’ কন্ট্রোলারের পরীক্ষামূলক সংস্করণটি দেখান অকুলাস প্রতিষ্ঠাতা পালমার লাকি। একাধিক বাটন, জয়প্যাড আর সেন্সর থাকলেও বাজারের অন্যান্য গেইম কন্ট্রোলারের সঙ্গে অকুলাস টাচের পার্থক্য চোখে পরার মতো।  

ক্রাউডফান্ডিং প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছিল অকুলাস রিফট। শুরুতেই তহবিল যোগানদাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল ডিভাইসটি। কিকস্টার্টার ক্যাম্পেইন থেকে ২৪ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছিলেন ডিভাইসটির নির্মাতারা।

২০১৪ সালে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক অকুলাসের মালিকানা কিনে নেয় দুইশ’ কোটি ডলারের বিনিময়ে।