নিউজ অ্যাপ আনছে অ্যাপল
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল বাজারে আনছে নতুন নিউজ অ্যাপ। গত ৮ জুন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ‘নিউজ’ নামক এই অ্যাপটি এ বছরের শেষের দিকে আইওএস ৯-এ পাওয়া যাবে। এর মাধ্যমে পাঠকরা নিজেদের পছন্দ অনুসারে ভাল মানের আর্টিকল পড়তে পারবেন।
এই অ্যাপটিতে মানসম্পন্ন আর্টিকল সরবরাহ করতে অ্যাপল ইতোমধ্যে প্রায় ২০টি সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। এদের মধ্যে রয়েছে সিএনএন, ইএসপিএন এবং নিউ ইয়র্ক টাইমসের মত জনপ্রিয় সংবাদমাধ্যম।
অ্যাপটি উন্মুক্ত হলে প্রকাশকরা বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের পুরোটাই রাখতে পারবেন। অথবা ৭০ শতাংশ বিজ্ঞাপন অ্যাপলের আইঅ্যাডস প্রোগ্রামের মাধ্যমে বিক্রি করা যাবে।
অনেক বিশেষজ্ঞের মতে অ্যাপলের সঙ্গে চুক্তির ফলে সংবাদমাধ্যমগুলোর নিয়ন্ত্রণ অনেকটাই অ্যাপলের হাতে চলে যেতে পারে।
ইতোপূর্বে অ্যাপল ২০১১ সালে নিউজস্ট্যান্ড নামের একটি অ্যাপ্লিকেশন চালু করেছিল যার মাধ্যমে মূলধারার সংবাদপত্র বা ম্যাগাজিন সাবস্ক্রাইবের সুবিধা ছিল। নতুন নিউজ অ্যাপের মাধ্যমে মূলত নিউজস্ট্যান্ডের পুনঃজন্ম হতে যাচ্ছে।
অ্যাপলের এই নতুন নিউজ অ্যাপটি ফ্লিপবোর্ড, ফেইসবুক, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন নিউজ ডেলিভারি প্ল্যাটফর্মের সঙ্গে পাল্লা দিয়ে সেবা প্রদান করবে। এর ফলে ফেইসবুকের আগ্রাসন থেকে বেড়িয়ে এসে সাংবাদিকরা তাদের লেখা প্রকাশের জন্য উপযুক্ত প্ল্যাটফরম পাবেন বলে জানিয়েছে ম্যাশএবল।
তাই এই নতুন অ্যাপটি ফেইসবুক নিউজফিড ছাড়াও জনপ্রিয় নিউজ প্ল্যাটফরম ফ্লিপবোর্ডকে পেছনে ফেলতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা।
