২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ওয়াচে নতুন ‘ওএস’

অ্যাপল ওয়াচের জন্য নতুন অপারেটিং সিস্টেম ‘ওয়াচওএস ২’ আনছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ৮ জুন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) এই ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 02:50 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

নতুন ওএসের বদৌলতে অ্যাপল ওয়াচের অ্যাপ তৈরির জন্য ডেভেলপারদের সময় ও সুযোগ উভয়ই বাড়বে বলে মন্তব্য করেন অ্যাপল প্রধান।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাপস, মিউজিক এবং মেইলের মতো অ্যাপল ওয়াচের নেটিভ অ্যাপগুলো ডিভাইসটির সব আভ্যন্তরীণ ফিচার অ্যাকসেস করতে পারলেও থার্ড পার্টি অ্যাপগুলো ছিল ব্লুটুথ সংযুক্ত আইফোন নির্ভর। কিন্তু নতুন ওএসের জন্য অ্যাপলের উন্মোচিত সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) কাজে লাগিয়ে ডেভেলপাররা এখন অ্যাপল ওয়াচের কার্যক্ষমতা পূর্ণ ব্যবহারের সুযোগ পাবেন। 

অ্যাপল ওয়াচের সফটওয়্যার নির্মাতাদের জন্য ‘হোমকিট’ ও ‘ট্যাপটিক ইঞ্জিন’ উন্মুক্ত করে দিয়েছে অ্যাপল। ফলে অ্যাপল ওয়াচের অ্যাপ থেকেই স্মার্টহোম ডিভাইস নিয়ন্ত্রণের মতো সেবা পাওয়া যাবে।

নতুন ওএসের অন্যতম ফিচারটি হচ্ছে ‘টাইম ট্রাভেল’। অ্যাপল ওয়াচের ডিজিটাল ক্রাউন ব্যবহার করে দিনের বাকি সময় কী কী কাজ করতে হবে সেই তালিকার উপর নজর বুলিয়ে নিতে পারবেন ব্যবহারকারী। ক্যালেন্ডার, আবহাওয়া এবং অন্যান্য ডেটা বিশ্লেষণ করে ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য দেখাবে অ্যাপল ওয়াচ। 

এছাড়াও অ্যাপল ওয়াচ থেকেই সিরির মাধ্যমে মেইলের উত্তর দেওয়ার ফিচার যোগ হয়েছে স্মার্টওয়াচটির নতুন ওএসে। যোগ হয়েছে ফেইসটাইম অডিও, আরও উন্নত করা হয়েছে অ্যাপল পে সেবা।