২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্গীতশিল্পীদের ইউটিউব ‘সিক্রেট’

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে বিশ্বের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের সম্পর্কে বিস্ময়কর তথ্যের যোগান দিচ্ছে সাইটটির নতুন টুল ‘মিউজিক ইনসাইট’। বিশ্বের কোন অঞ্চলের দর্শক-শ্রোতারা কোন শিল্পীর ভিডিও স্ট্রিমিং করে দেখছেন, কোথায় তাদের জনপ্রিয়তা কেমন এই প্রশ্নগুলোর সহজ উত্তরের যোগান দিতে পারবে নতুন টুলটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 01:34 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

ইউটিউবের ব্লগে সাইটটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিশ্বের কোন অঞ্চলে কোন শিল্পীর ভক্ত সবচেয়ে বেশি এই তথ্য পাওয়া যাবে টুলটির মাধ্যমে। উদাহরণস্বরুপ, ফিলিপাইনে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এড শিরানের ভক্তসংখ্যা লক্ষণীয় হারে বেশি। ফিলিপাইনের ভক্তরা ২০১৪ সালের পর ১৭ কোটি ৮ লাখেরও বেশিবার শিরানের ভিডিও স্ট্রিম করেছেন।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গার চেয়ে মেক্সিকো সিটিতে কেটি পেরির জনপ্রিয়তা বেশি। শেষ নয় মাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে যতোবার তার ভিডিও দেখা হয়েছে তার থেকে তিনগুণ বেশিবার মেক্সিকো সিটিতে দেখা হয়েছে।

স্কটিশ ব্যান্ড প্রোক্লেইমারসের ভিডিও স্কটল্যান্ডের এডিনবার্গে দেখা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৮শ' ১১বার। আর গ্লাসগোতে দেখা হয়েছে ২ লাখ ৬ হাজার ৯শ' ৩বার। লন্ডনে ব্যান্ডটির ভিডিও দেখা হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৭শ' ১৪বার।  

নিউ ইয়র্কের চেয়ে লন্ডনেই বেশি জনপ্রিয় মার্কিন গিটারিস্ট ও গায়ক ব্রুস স্প্রিংসটিন। সেই সঙ্গে ‘ইটস মাই লাইফ’ খ্যাত জন বন জোভির ভক্তসংখ্যাও নিউ ইয়র্কের চেয়ে লন্ডনেই বেশি। নিউ ইয়র্কে তার গান ২২ লাখ বার স্ট্রিম করা হলেও, লন্ডনে এ সংখ্যা দ্বিগুণ হয়ে হয়েছে ৪৪ লাখ।

বিটলস আর রোলিং স্টোনস-- ব্রিটিশ এই দুই রক ব্যান্ডের মধ্যে কোনটি বেশি জনপ্রিয়? এ নিয়ে সঙ্গীতপ্রেমীদের মধ্যে তর্ক নতুন কিছু নয়। এক্ষেত্রে বিটলসকেই এগিয়ে রেখেছে ইউটিউবের মিউজিক ইনসাইট। ওই টুলের তথ্যানুসারে,  ইউটিউবে বিটলসের গান স্ট্রিম করা হয়েছে ৬৬ কোটি ৭০ লাখ বার, রোলিং স্টোনের ক্ষেত্রে ভিডিও স্ট্রিমিংয়ের সংখ্যা ৪৭ কোটি ৪০ লাখ।

বিশ্বের যে কোনো জায়গার তুলনায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মার্কিন পপ গায়িকা টেইলর সুইফটের জনপ্রিয়তা বেশি। সেখানে তার গান স্ট্রিমিংয়ের সংখ্যা ৪ কোটি ৯৫ লাখ।