কোরিয়ার ‘ডার্পা’ জয়
যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডার্পা) আয়োজিত ‘ডার্পা রোবোটিকস চ্যালেঞ্জ’-এ বিজয়ী হয়েছে দক্ষিণ কোরিয়ার দল কাইস্ট। প্রতিযোগিতায় মোট ২২টি রোবটকে হারিয়ে বিশ লাখ ডলার জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়ান দল কাইস্টের ডিআরসি-হিউবো হিউম্যানয়েড রোবট।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডার্পা রোবোটিকস চ্যালেঞ্জ’-এ রোবটগুলোকে বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে দক্ষতার পরিচয় দিতে হয়।
এবারের আসরে এক ঘন্টা সময়ের মধ্যে প্রতিটি রোবটকে গাড়ি চালানো, হাঁটা ইত্যাদি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। অন্যান্য পরীক্ষাগুলোর মধ্যে ছিল গাড়ি থেকে ঠিক মতো বের হতে পারা, দেয়ালে ফুটো করা ইত্যাদি। এ ছাড়াও প্রতিযোগিতায় দুটো রহস্যময় পরীক্ষা ছিল যেগুলো সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি। পরীক্ষা দুটো হচ্ছে লিভার টানা এবং এক জায়াগা থেকে সকেট খুলে অন্যত্র স্থাপন করা।
দক্ষিণ কোরিয়ান দল কাইস্ট-এর রোবটটি সবচেয়ে দ্রুত পরীক্ষাগুলো শেষ করে প্রথম হয়। সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে ‘ডিআরসি-হিউবো হিউম্যানয়েড’ রোবটটির সময় লেগেছে ৪৪ মিনিটি ২৮ সেকেন্ড। প্রতিটি দলকে দুইবার করে সুযোগ দেয়া হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে দশ লাখ ডলার জিতে নেয় আইএইচএমসি রোবোটিক্স এবং তৃতীয় স্থান অর্জন করে পাঁচ লাখ ডলার পুরস্কার জিতে নেয় টার্টান রেসকিউয়ের ‘চিম্প রোবট’।
