ড্রোন নজরদারিতে নাসা-ভেরাইজন জোট
মোবাইল ফোনের নেটওয়ার্ক টাওয়ার কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ড্রোনের উপর নজর রাখার প্রযুক্তি নির্মাণ করছে দেশটির টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন ও মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ২০১৪ সালে ভেরাইজন নাসার সঙ্গে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করে। মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার ব্যবহার করে ড্রোন চলাচলের উপর নজরদারি করতেই রাখতেই এ চুক্তি সই করা হয়।
৫ লাখ মার্কিন ডলারের এই প্রকল্প নিয়ে গবেষণা চলছে নাসার অধীনে। গার্ডিয়ান জানিয়েছে এই গ্রীষ্মেই ‘এয়ার ট্রাফিক’ ব্যাবস্থাপনা নিয়ে প্রথম পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের মধ্যে প্রকল্পটি পুরোপুরি চালু হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্প শুরু করার পরবর্তী চার বছর পর্যন্ত ড্রোন চালনায় নিরাপত্তা নিশ্চিত করতে নাসার এই ‘ট্রাফিক ব্যাবস্থাপনা’ পদ্ধতি ব্যবহার করা হবে। এর মাধ্যমে নাসা চাইলে যে কোনো ড্রোনের চলাফেরায় হস্তক্ষেপ করতে পারবে। এর ফলে হোয়াইট হাউসের মতো স্পর্শকাতর এলাকা থেকে ড্রোনগুলো দূরে রাখা, খারাপ আবহাওয়ায় জরুরী অবতরণের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে গার্ডিয়ান।
ড্রোনের উপর চোখ রাখতে রেডার, ঘূর্ণায়মান স্যাটেলাইট আর মোবাইল ফোনের সিগন্যাল ব্যবহার করবে নাসা। ট্রাফিক, নিষিদ্ধ এলাকা আর আবহাওয়া সম্পর্কে জানতে ড্রোনগুলোতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
