২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের গ্রুপ চ্যাটেই আর্থিক লেনদেন

ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপের গ্রুপ চ্যাটেই আর্থিক লেনদেনের সেবা চালু করার পরিকল্পনা করছে শীর্ষ সোশাল মিডিয়া কর্তৃপক্ষ। বুধবার মেসেঞ্জার অ্যাপের পেমেন্ট সেবার ছোটখাট কিছু আপডেটের সঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন এই পরিকল্পনাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ব্যবহারকারীরা মেসেঞ্জারের গ্রুপ চ্যাট থেকেই আলাদাভাবে বন্ধুদের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে পারবেন।

এই ফিচারটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিয়াটল, পোর্টল্যান্ড এবং অস্টিনে চালু করা হয়েছে। নিউইয়র্কের মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু করা হবে বলে জানিয়েছে ম্যাশএবল।

এসব এলাকার ব্যবহারকারীদের মেসেঞ্জারের ইনবক্সে ডলারের পরিমাণ টাইপ করলে তা বিভিন্ন অ্যাড্রেস, লিঙ্ক বা ফোন নম্বরের মত হাইপারলিঙ্ক হিসেবে দেখা যাবে।

ইনবক্সের ডান দিকে নিচের ডলার আইকনে ক্লিক করতে হকে এই সেবা ব্যবহারের জন্য। গ্রুপ চ্যাট থেকে নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে আর্থিক পরিমাণ লিখে পাঠাতে হবে। গ্রুপ চ্যাটের সকল সদস্যই লেনদেনের নোটিফিকেশনটি দেখতে পাবেন। তাই ‘গোপন’ লেনদেনের জন্য ফিচারটি খুব একটা ভালো হবেনা বলে জানিয়েছে ম্যাশএবল।

মূলত মোবাইল পেমেন্ট সার্ভিসের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই ফেইসবুকের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।