সিল্ক রোড প্রতিষ্ঠাতার যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেয়েছেন অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার সাইট সিল্ক রোডের প্রতিষ্ঠাতা রস আলব্রিখ। ২০১৩ সালে সাইটটি বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের পুলিশ।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে; মার্কিন আদালতের রায়ে বলা হয়েছে, সিল্ক রোডের মাধ্যমে পরিচয় গোপন রেখে মাদক ব্যবসায়ীরা ২০ কোটি ডলারেরও বেশি মূল্যের মাদক বেচা-কেনা করেছে।
ফেব্রুয়ারি মাসে টানা তিন বছর সিল্ক রোড পরিচালনার অভিযোগে অভিযুক্ত করা হয় আলব্রিখকে। ৩১ বছর বয়সী আলব্রিখের বিরুদ্ধে মাদক ও অর্থ পাচার ও কম্পিউটার হ্যাকিংয়ের যে অভিযোগ আনা হয়েছিল, তার সবগুলোই আদালতে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আদালতের নথি অনুসারে, সিল্ক রোডের নিবন্ধিত ক্রেতার সংখ্যা ছিল প্রায় দশ লাখ। তবে এর মধ্যে ঠিক কতো জন সাইটটির নিয়মিত ক্রেতা ছিলেন তা জানা যায়নি।
রায় ঘোষণার আগে কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত বলে জানিয়েছিলেন আলব্রিখ। তাকে যেন যাবজ্জীবনের শাস্তি না দেওয়া হয় সেই অনুরোধও করেছিলেন বিচারকের কাছে। তবে আলব্রিখের পথ অনুসরণকারীদের জন্য এই রায় উদাহরণ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন মার্কিন ।
