স্মার্টফোনে উইন্ডোজে নয়: আসুস প্রধান
উইন্ডোজ ১০ সর্বজনীন এবং কিছুটা বিনোদনের খোরাক জোগালেও স্মার্টফোনের জন্য এখনও উপযুক্ত নয়- এমনটাই মনে করেন টেক জায়ান্ট 'আসুস' এর সভাপতি জনি শিহ।
এদিকে উইন্ডোজ-এর নতুন সংস্করণ উইন্ডোজ ১০ কে আগামী দুই কিংবা তিন বছরের মধ্যে এক বিলিয়ন ডিভাইসে যোগ করার ব্যাপারে সংকল্পবদ্ধ মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। তবে এ ব্যাপারে উলটো পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে আসুস।
আমেরিকায় মঙ্গলবার বেরিয়েছে আসুসের নতুন স্মার্টফোন জেনফোন টু। সেখানে নেই উইন্ডোজের সুবিধাগুলো। এ ব্যাপারে ম্যাশএবলকে শিহ জানান, "সত্যি কথা বলতে, স্মার্টফোনে উইন্ডোজের সুবিধাগুলো খুব একটা বেশি নয় যদি তা আইওস এবং অ্যান্ড্রয়েডের সাথে তুলনা করা হয়।"
শিহ মনে করেন, এমন কোনো বিশাল কারণ নেই যার জন্য স্মার্টফোনে উইন্ডোজ টেন ব্যবহার করতেই হবে।
এদিকে আমেরিকার স্মার্টফোন বাজারটি ধরার জন্য আসুসের সঙ্গে উঠে পড়ে লেগেছে ওয়ান প্লাস ওয়ান এবং অ্যালকাটেল এর মত প্রতিষ্ঠানগুলো। সাশ্রয়ী মূল্যে চমৎকার কিছু স্মার্টফোনও বাজারে নিয়ে এসেছে তারা।
আসুসের নতুন স্মার্টফোন জেনফোন টু নিয়ে বেশ আশাবাদী শিহ। ম্যাশএবলকে তিনি আরও জানান, "আমরা অভিজ্ঞতার ব্যাপারেই প্রথম প্রাধান্য দেই। সর্বোচ্চ পারফরমেন্সটাই আমরা সবসময় চাই।"
