আইফোন নকল করা ‘বৈধ’
যে কেউ চাইলেই এখন ‘নকল’ করতে পারবে আইফোনের বাহ্যিক ডিজাইন। সোমবার যুক্তরাষ্ট্রের এক আপিল আদালতের দেওয়া রায় অনুযায়ী, আইফোনের ডিজাইনের সঙ্গে মিল থাকার কারণে স্যামসাংয়ের কাছে ভবিষ্যতে কোনো ক্ষতিপূরণও দাবি করতে পারবে না মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
২০১২ সালে পেটেন্ট বিষয়ক এক মামলায় স্যামসাংয়ের বিরুদ্ধে জয়ী হয় অ্যাপল। সেবার স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা ধার্য করেছিল মার্কিন আদালত। সিএনএন জানিয়েছে, আইফোনের ডিজাইনের মৌলিক দিকগুলো নকল করার কারণে অ্যাপল ক্ষতিপূরণ চাইতে পারে না-- বলা হয়েছে ওই মামলার আপিলের রায়ে।
এ বিষয়ে অ্যাপলের দাবি, স্যামসাং পেটেন্ট আইন লঙ্ঘন করে আইফোনের ডিজাইন নকল করেছে। অভিযোগে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, স্মার্টফোন দুটি দেখতে প্রায় একই রকম, দুটিই আয়তাকার, কোণগুলো বাঁকানো, এমনকি স্ক্রিনের ডট আর অ্যাপগুলোও একই জায়গায় রাখা হয়েছে।
আপিল আদালতের রায়ে বলা হয়েছে, অভিযোগে উল্লেখিত দিকগুলো এতটাই মৌলিক যে, স্যামসাং বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের টাচস্ক্রিন স্মার্টফোনে এই ডিজাইন ব্যবহার করা হলে অ্যাপল তা আটকাতে পারে না।
রায়ে আরও বলা হয়েছে, অ্যাপলের অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো ফোনের ‘ফাংশনাল’ দিক। কিন্তু পেটেন্ট সংক্রান্ত আইন অনুযায়ী, ডিজাইনের শুধু ‘নন-ফাংশনাল’ দিকগুলোই নকল করা থেকে ঠেকানো যাবে।
