ক্যান্ডি ক্রাশ সাগা উইন্ডোজ ১০-এ
উইন্ডোজ ১০-এর ‘প্রি-ইনস্টল’ করা গেইমের তালিকায় যুক্ত হলো জনপ্রিয় মোবাইল গেইম ক্যান্ডি ক্রাশ সাগা। সেই সঙ্গে আগের উইন্ডোজগুলোতে থাকা সলিটেয়ার, মাইনসুইপার আর হার্টস তো থাকছেই।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, উইন্ডোজ ১০ ব্যবহার করা গেইমাররা অ্যান্ড্রয়েড আর আইওএস ডিভাইস ব্যবহারকারীদের বিপক্ষেও খেলতে পারবেন।
এক বিবৃতিতে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, “গ্রাহকরা তাদের আগের উইন্ডোজ সংস্করণ উইন্ডোজ ১০-এ আপগ্রেড করলে বা তা ডাউনলোড করলে স্বয়ংক্রিয়ভাবে গেইমটি ইনস্টল হয়ে যাবে।”
মাইক্রোসফটের ভাষ্যমতে, ক্যান্ডি ক্রাশ সাগা উইন্ডোজ ১০-এ আসা প্রথম ‘কিং গেইম’ হতে যাচ্ছে।
২০১২ সালে প্রথম বের করার পর থেকে গেইমটি এ পর্যন্ত মোবাইল আর ফেইসবুকের মাধ্যমে ৫০ কোটিরও বেশিবার ইনস্টল করা হয়েছে।
