ফেইসবুককে বেলজিয়ামের সতর্কবার্তা!
ফেইসবুক ব্যবহার করেন না অথবা সাইটটি থেকে লগ-আউট করেছেন এমন ব্যবহারকারীদের ইন্টারনেট কার্যক্রম ট্র্যাক করতে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে কঠোরভাবে নিষেধ করেছে বেলজিয়ামের প্রাইভেসি কমিশন।
এক প্রতিবেদনে বিলেতি দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ফেইসবুক ইউরোপিয়ান ইউনিয়নের প্রাইভেসি আইন লংঘন করছে-- বেলজিয়ান ডেটা নিরাপত্তা সংস্থার অনুসন্ধানী এক প্রতিবেদন থেকে এ তথ্য জানার পর প্রতিষ্ঠানটিকে এই সতর্কবার্তা জানিয়েছে বেলজিয়ান প্রাইভেসি কমিশন।
বেলজিয়ান ডেটা নিরাপত্তা সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইটটির এমন কিছু অংশ রয়েছে যেগুলো ভিজিট করতে ইন্টারনেট ব্যবহারকারীদের ফেইসবুক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে না। অ্যাকাউন্টধারীদের পাশাপাশি ফেইসবুকে অ্যাকাউন্ট নেই এমন ইন্টারনেট ব্যবহারকারীরাও যেসব ফ্যান পেইজ, প্রোফাইল ও অন্যান্য পেইজ ভিজিট করেন তা ফেইসবুক অনেকদিন ধরে ট্র্যাক করছে।
এ প্রসঙ্গে বেলজিয়ান প্রাইভেসি কমিশনের প্রেসিডেন্ট উইলেম ডিবাকলেয়ার জানিয়েছেন, ফেইসবুক যেভাবে তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ করছে তা ‘যে কোনো মূল্যে থামাতে হবে’ এবং ‘এখন হয় গড়ার নয় ভাঙার সময় চলে এসেছে’।
অন্যদিকে ফেইসবুক এ অভিযোগের উত্তরে শুরু থেকেই দাবি করছে, তারা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো আইন লংঘন করছে না।
