নেট নিরপেক্ষতা: যা জানা দরকার
কয়েক মাস ধরেই কয়েকটি বিষয় প্রযুক্তি জগতের খবরের তালিকায় ঘুরে ফিরে আসছে। নেট নিউট্রালিটি, যাকে বাংলায় বলা চলে নেট নিরপেক্ষতা, ইন্টারনেট ডটঅর্গ এবং ফ্রি ইন্টারনেট। প্রযুক্তি জগতের খোঁজখবর রাখেন এমন প্রায় প্রতিজন মানুষের আলোচনা এবং মনোযোগের কেন্দ্রে রয়েছে এই বিষয়গুলো। কিন্তু এর মানে আসলেই কী? কেন এগুলো গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে আমাদের কী আদৌ কিছু জেনে রাখা প্রয়োজন?
আসুন প্রথমে উল্লিখিত তিনটি বিষয়ের মানে জেনে নেই, পরে বিস্তারিত আলোচনা করি--
নেট নিরপেক্ষতা: এ বিষয়টি সাদা চোখে কঠিন কিছু নয়। এখানে নেট মানে নেটওয়ার্ক বা ইন্টারনেট। সহজ ভাষায় ইন্টারনেট বলে যে বিশাল তথ্যের আধার আমরা প্রতিদিন ব্যবহার করি, সেটি যেন সবার সঙ্গে সমান বা নিরপেক্ষ আচরণ করে। এটি ইন্টারনেটের একেবারে প্রথমদিকে গৃহীত নীতিগুলোর অন্যতম।
ইন্টারনেট ডটঅর্গ: শুনতে একটি ওয়েবসাইটের ঠিকানা মনে হলেও আদতে এটি একটি বিশাল প্রকল্প। সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের উদ্ভাবন এটি, যার সঙ্গে যোগ দিয়েছে মোট ৭টি টেলি-প্রযুক্তি প্রতিষ্ঠান। এরা হচ্ছে-- স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, মাইক্রোসফট, অপেরা সফটওয়্যার, রিলায়েন্স এবং কোয়ালকম।
ইন্টারনেট ডটঅর্গের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বে অনুন্নত এবং উন্নয়নশীল অঞ্চলে বিনা খরচে বা সাধ্যের মধ্যে কয়েকটি ইন্টারনেটভিত্তিক সেবা পৌঁছে দেওয়া।
ইন্টারনেটডটঅর্গ-এর অধীনে যে সেবাগুলো পাওয়া যাবে তাকেই প্রকারান্তরে বলা হচ্ছে ফ্রি ইন্টারনেট।
সমস্যা কোথায়?
উপরের আলোচনাতো শুনতে ভালই লাগল, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হল, কিছু কিছু সেবা পেতে বা ওয়েবসাইটে যেতে যদি পয়সা গুনতে না হয় আর বাদবাকী সব সাইটে যেতে বা সেবা পেতে যদি খরচ লাগে তাহলে কি নিরপেক্ষতা বজায় থাকে?
আরেকটু সহজ করে বলা যাক।
বাংলাদেশে উৎপাদিত ধানের বেশিরভাগই বিশেষ কয়েকটি এলাকায় হয়ে থাকে। এখন রংপুর-দিনাজপুরের ধান চাষীরা যদি পরিবহণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ঠিক করে যে, রংপুর-দিনাজপুরে উৎপাদিত ধান আপনি যদি কেনেন তাহলে পরিবহন বাবদ আপনাকে কোনো খরচ করতে হবে না, আপনাকে বিনা খরচে ওই ধান পৌঁছে দেওয়া হবে, তাহলে আপনার হয়ত লাভ হবে, কিন্তু রংপুর-দিনাজপুর বাদে অন্য এলাকার ধান চাষীরা কি বিপাকে পরবেনা? খরচ বেশি হওয়ার কারণে ওই এলাকার ধান কেউ কিনবে?
আপনি হয়ত বলবেন, "না হোক, আমিতো কম পয়সায় ধান পাচ্ছি।"
আসুন, আরেকটু এগিয়ে চিন্তা করি। ধরা যাক বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব হল এবং আপনি রংপুর-দিনাজপুরের ধানই কিনতে শুরু করলেন। কিছুদিন পর দেশের অন্য এলাকার ধান চাষীরা ধান বেচতে না পেরে, ধরা যাক, চাষাবাদই ছেড়ে দিল। তখন কীহবে? তখন আপনি পুরোপুরি নির্ভরশীল হয়ে উঠেছেন ওই বিশেষ এলাকার ধানের উপর। আপনি এখন চাইলেও অন্য কারো কাছ থেকে আর ধান কিনতে পারছেন না। ব্যবসার ভাষায় যাকে বলে একচেটিয়া ব্যবসা বা মনোপলি। এই অবস্থায় যদি রংপুর-দিনাজপুরের ধানচাষীরা আগের তুলানায় ১০গুণ দামও হেঁকে বসে, আপনার এখন আর কিছুই করার নেই। কারণ, আপনি চাইলেও অন্য কারো কাছ থেকে ধান কিনতে পারছেন না। ধানের সেই বাজার আগেই নষ্ট করে ফেলা হয়েছে।
আগেই বলা হয়েছে, ইন্টারনেটের শুরুতেই যে মূলনীতি গ্রহন করা হয়েছিল—সবার জন্য ইন্টারনেটে সমান সুযোগ থাকবে, বলা হচ্ছে, সেটি কার্যত ব্যহত হচ্ছে ইন্টারনেটডট অর্গ দ্বারা।
যদি ইন্টারনেটের যাবতীয় সাইট ও সেবার নাগাল পাওয়া একসঙ্গে ফ্রি করে দেওয়া সম্ভব হতো, তাহলে ইন্টারনেটের নিরপেক্ষতাও বজায় থাকত। সেটি না করে গুটিকয়েক ওয়েরসাইট ও সেবার খরচ শুন্য করে দিলে আপাতত হয়ত লাভ হবে, কিন্তু পণ্ডিতরা আশঙ্কা করছেন, এতে করে ইন্টারনেটভিত্তিক ব্যবসা চলে যাবে গুটিকয়েক বিশাল প্রতিষ্ঠানের অধীনে। সবচেয়ে সহজ উদাহারণ হল, ফেইসবুক যদি ফ্রি কানেকশনে পাওয়া সম্ভব হয় আর বাকী সব সামাজিক যোগাযোগের মাধ্যমের জন্য যদি নেট কানেকশনের পয়সা লাগে তাহলে নতুন কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমের পক্ষেই সম্ভব নয় ফেইসবুকের সঙ্গে অসম প্রতিযোগিতায় টিকতে পারা। দরকারি সেবা ফ্রি করার আড়ালে জাকারবার্গ সম্ভবত সেই মনোপলিই চাইছেন।
