২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনে ওয়াওবক্স লাইফস্টাইল অ্যাপ

গ্রাহকদের জন্য নতুন ‘ওয়াওবক্স লাইফস্টাইল’ অ্যাপ নিয়ে এসেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এই অ্যাপের মাধ্যমে লাইফস্টাইলবিষয়ক প্রচারণা এবং নানাবিধ ডিসকাউন্ট সম্পর্কে জানতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য অ্যাপটি বানিয়েছে টেলিনর ডিজিটাল ফর বাংলাদেশ। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে বিনামূল্যে, ব্যবহারও করা যাবে বিনা খরচে।

ব্যবহারকারীর ডেটা প্ল্যান বা অ্যাকাউন্ট ব্যালেন্স খরচ করবে না অ্যাপটি। আর ‘জিপি বন্ধু’ প্যাকেজ গ্রাহকরা অ্যাপটি ব্যবহার করে প্রতিদিন ২০ মেগাবাইট করে ডেটা প্যাক পাবেন সর্বোচ্চ ১ গিগাবাইট পর্যন্ত।

অ্যাপটির মাধ্যমে দৈনন্দিন বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন, জনপ্রিয় হোটেল, ক্যাফে, রেস্টুরেন্টে ডিসকাউন্ট, কনসার্ট, মুভি ইত্যাদি বিষয়ে নানা তথ্য পাবেন গ্রাহক। গ্রামীণফোনের দেওয়া তথ্য অনুযায়ী, আপাতত অ্যাপটির নানা সেবার সর্বোচ্চ ব্যবহারের সুযোগ পাবেন ‘জিপি বন্ধু’ গ্রাহকরা। পরবর্তীতে অন্যান্য গ্রাহকদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হবে অ্যাপটির সব ফিচার।