এওএলকে কিনে নিচ্ছে ভেরাইজন
ডটকম যুগের শুরুতে অন্যতম প্রতাপশালী মার্কিন প্রতিষ্ঠান আমেরিকা অনলাইন শেষ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। ক্রেতা দেশটির অন্যতম টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান ভেরাইজন।
একসময় এওএল কোন কোন প্রতিষ্ঠানকে কিনে নিচ্ছে সেটিই ছিল প্রযুক্তিজগতের নিয়মিত খবর। বিবিসি জানিয়েছে, এওএলকে কেনার মাধ্যমে বিজ্ঞাপনের বিক্রি আর ভিডিও নির্মাণ বাড়াতে পারবে ভেরাইজন।
হাফিংটন পোস্ট, টেকক্রাঞ্চ, এনগ্যাজেট, মেকার্স আর এওএল ডটকমের মতো সাইটগুলো এওএল ইনকর্পোরেটেডের মালিকানাধীন।
বাজারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটিয়ারের তথ্যমতে, ২০১৪ সালে ১৪ হাজার ৫শ’ কোটি ডলারের ডিজিটাল বিজ্ঞাপনের বৈশ্বিক বাজারে মাত্র ০.৭৪ শতাংশ এওএলের দখলে ছিল।
স্বয়ংক্রিয় বিজ্ঞাপন প্রচারের প্রযুক্তির পাশাপাশি ৪জি ভিডিও স্ট্রিমিং আর ইন্টারনেট ভিডিওকেন্দ্রিক পরিকল্পনা বাস্তবায়নে এওলের সঙ্গে নতুন চুক্তি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে ভেরাইজন।
প্রতিষ্ঠানটির চোখ এখন ‘ইন্টারনেট অফ থিংস’ প্রযুক্তির বাজারে শক্ত অবস্থান গড়ার দিকে।’ জানিয়েছে বিবিসি।
